রাজশাহীতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন, বাড়বে ইন্টারনেটের গতি
রাজশাহী অঞ্চলে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে চালু হয়েছে ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ’। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে ইন্টারনেটের গতি ও মান বাড়বে, কমবে বিদেশি ব্যান্ডউইথের ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে ডেটা আদান-প্রদান হবে আরও দ্রুত ও সহজ।
শুক্রবার (১৫ মে) নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পপটির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীর উন্নয়নে সরকারের একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে কাজ চলছে এবং নিক্স আঞ্চলিক পপ চালুর মাধ্যমে ডিজিটাল উন্নয়নে নতুন গতি তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটি যেন কখনো বিচ্ছিন্ন না হয়, সে জন্য পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। রাজশাহীতে উন্নত ড্রেনেজ, সুপেয় পানি ও আধুনিক অবকাঠামোর পাশাপাশি ইন্টারনেট ক্যাবল স্থাপনের জন্যও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।’ রাজশাহীকে একটি পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
দেশীয় পর্যায়ে ডেটা বিনিময়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের ইন্টারনেট ট্রাফিক এখন দেশের ভেতরেই বিনিময় করা সম্ভব হবে। এতে বিদেশি নির্ভরতা কমবে এবং দেশের অর্থ দেশেই থাকবে। প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি এটি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।
রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের প্রসঙ্গ তুলে ধরে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গার জন্য আবেদন করার আহ্বান জানান। তার মতে, প্রযুক্তিনির্ভর এই উন্নয়ন রাজশাহীকে দেশের শীর্ষ প্রযুক্তিনগরীতে পরিণত করবে।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই আঞ্চলিক পপের মাধ্যমে প্রায় ৪০০ জিবিপিএস ট্রাফিক পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
বিশেষ অতিথি মো. মাহফুজুর রহমান বলেন, ‘রাজশাহীকে আধুনিক, প্রযুক্তিবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পপ চালুর ফলে নগরবাসী দ্রুতগতির ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন।’ শিক্ষা, ব্যবসা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।
শুরুতে স্বাগত বক্তব্যে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া নগরীর ঝুলন্ত তার আন্ডারগ্রাউন্ডে নেওয়ার জন্য রাজধানীর ধানমন্ডির সমন্বিত সংযোগ মডেল বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে ডেটা সেন্টার স্থাপনের সুযোগ তৈরি হলে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগে আগ্রহ বাড়বে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসপিএবি’র কোষাধ্যক্ষ ও রেড ডাটা লিমিটেডের প্রধান নির্বাহী মইন উদ্দিন আহমেদ। তিনি জানান, ২০২২ সালে ৩৪ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়ে যাত্রা শুরু করা আইএসপিএবি-নিক্স বর্তমানে ৪০০ জিবিপিএসে উন্নীত হয়েছে। দেশের পাঁচটি বিভাগে ইতোমধ্যে আঞ্চলিক পপ রয়েছে এবং শিগগিরই বরিশাল, সিলেট ও রংপুরসহ অন্যান্য অঞ্চলে এর সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, ‘রাজশাহীর নিক্স স্থাপনে অর্থায়ন করেছে ইন্টারনেট সোসাইটি ও ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন। বর্তমানে ১৫২টি আইএসপি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়েই দ্রুত ডেটা বিনিময় সম্ভব হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিএবি’র বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম। এতে ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, পরিচালক মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাশেদুর রহমান রাজন, রাইসুল ইসলাম তুহিন ও মো. জুবায়ের ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ আঞ্চলিক পপ চালুর ফলে রাজশাহী অঞ্চলে নিরবচ্ছিন্ন, দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত হবে। একই সঙ্গে আইটি খাত, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।