উইন্ডোজ আপডেটে ‘রিস্টার্ট ও শাট ডাউন’-এ পরিবর্তন এনেছে মাইক্রোসফট

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১৩:৪৫

উইন্ডোজ আপডেটে ‘রিস্টার্ট ও শাট ডাউন’-এ পরিবর্তন এনেছে মাইক্রোসফট
ছবি : জিবি নিউজ

উইন্ডোজ আপডেট ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। নতুন এই পরিবর্তনে ব্যবহারকারীরা এখন আপডেটের সময় আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আপডেট দীর্ঘ সময় থামিয়ে রাখা নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা আপডেটজনিত বিরক্তি কমাতেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় আপডেটকে আরও সহজ ও নিয়ন্ত্রিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সময় ঠিক করে আপডেট সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির উইন্ডোজ ইনসাইডার বিভাগের প্রধান মার্কাস অ্যাশ বলেন, লক্ষ্য হলো ব্যবহারকারীর জন্য কম বাধা তৈরি করা এবং আপডেট ব্যবস্থাকে আরও পরিষ্কার ও নিয়ন্ত্রিত করা। তার মতে, এখন থেকে সিস্টেম আপডেট, সফটওয়্যার উপাদান এবং ড্রাইভার আপডেট একত্র করে মাসে একটি পুনরায় চালু করার প্রক্রিয়ায় আনা হবে।

নতুন পরিবর্তনে সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারী এখন আপডেট না করেও সরাসরি কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করতে পারবেন। আগে অনেক সময় আপডেট বাধ্যতামূলকভাবে সম্পন্ন না করলে শাট ডাউন বা রিস্টার্ট করা যেত না।

এ ছাড়া নতুন কম্পিউটার সেটআপের সময়ও আপডেট স্থগিত রাখার সুযোগ রাখা হয়েছে। এতে সেটআপ প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে দাবি করা হচ্ছে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে ৩৫ দিন পর্যন্ত আপডেট থামিয়ে রাখতে পারবেন। চাইলে এই সময় বারবার বাড়ানোও সম্ভব। তবে প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, এটি যেন দীর্ঘ সময় ধরে না করা হয়।

কারণ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আপডেট না করলে সিস্টেমে থাকা দুর্বলতা সাইবার আক্রমণের সুযোগ তৈরি করে। অনেক সময় নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেই দুর্বলতা কাজে লাগানো শুরু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আপডেট স্থগিত রাখা মানে অনেক সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় কম্পিউটার ব্যবহার করা। এতে ব্যক্তিগত তথ্য চুরি, ক্ষতিকর সফটওয়্যার আক্রমণ এবং সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

মাইক্রোসফট স্বীকার করেছে, আপডেট অনেক সময় ব্যবহারকারীর কাজের ধারায় বিঘ্ন ঘটায়। তবে একই সঙ্গে তারা বলেছে, নিরাপত্তা ও সিস্টেমের স্থিতিশীলতার জন্য নিয়মিত আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে নতুন পরিবর্তনে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়লেও, বিশেষজ্ঞদের মতে নিরাপত্তা বজায় রাখতে আপডেট নিয়মিত করা সবচেয়ে জরুরি।

সূত্র : ফোর্বস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন