অস্কার প্রতিযোগিতায় এআই অভিনেতা ও চিত্রনাট্য নিষিদ্ধ

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৩ মে ২০২৬, ১৬:৩৫

অস্কার প্রতিযোগিতায় এআই অভিনেতা ও চিত্রনাট্য নিষিদ্ধ
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি অভিনেতা বা চিত্রনাট্য আর অস্কার পুরস্কারের জন্য বিবেচিত হবে না। সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে অস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

সম্প্রতি প্রকাশিত নতুন নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র সেই অভিনয়ই অস্কারের জন্য যোগ্য হবে, যা চলচ্চিত্রের অফিসিয়াল ক্রেডিটে মানব অভিনয় হিসেবে তালিকাভুক্ত এবং যেখানে সংশ্লিষ্ট অভিনেতার সম্মতি রয়েছে। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি চরিত্র বা অভিনয় কার্যত অযোগ্য হয়ে পড়ল।

একইভাবে চিত্রনাট্যের ক্ষেত্রেও কঠোর নিয়ম আনা হয়েছে। একাডেমি জানিয়েছে, অস্কারের জন্য মনোনয়ন পেতে হলে চিত্রনাট্য অবশ্যই ‘মানব-লিখিত’ হতে হবে।

নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো চলচ্চিত্রে এআই ব্যবহারের মাত্রা এবং মানব সৃজনশীলতার ভূমিকা নিয়ে প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য চাইতে পারবে একাডেমি।

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘিরে বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। বর্তমানে এআই দিয়ে তৈরি অভিনেতা নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি হচ্ছে, এমনকি প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমারের ডিজিটাল সংস্করণ নিয়েও একটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে।

অন্যদিকে ‘এআই অভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউডও সম্প্রতি আলোচনায় এসেছে।

২০২৩ সালে হলিউডে অভিনেতা ও লেখকদের ধর্মঘটের সময়ও এআই ছিল অন্যতম প্রধান বিতর্কের বিষয়, যেখানে শিল্পীরা তাদের পেশা ও সৃজনশীল অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

হলিউডের বাইরেও এআই নিয়ে বিতর্ক বাড়ছে। এর আগে একটি উপন্যাসে এআই ব্যবহারের সন্দেহে সেটি প্রকাশনা সংস্থা প্রত্যাহার করে নেয়। পাশাপাশি কিছু লেখক সংগঠনও ঘোষণা করেছে, এআই-সহায়তায় তৈরি কাজ সাহিত্য পুরস্কারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন