ক্রোম ব্রাউজারে জেমিনির বিস্তার আরও ৭ দেশে
ওয়েব ব্রাউজিংকে আরও স্মার্ট ও সহায়ক করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনির পরিধি বাড়িয়েছে গুগল। এবার জনপ্রিয় ক্রোম ব্রাউজারে এই সুবিধা যুক্ত হলো আরও সাতটি দেশে।
গতকাল (সোমবার) গুগল জানায়, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইনস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামে ক্রোমে জেমিনি ব্যবহার করা যাবে। এর মধ্যে জাপান ছাড়া বাকি সব দেশে ডেস্কটপ ও আইওএস উভয় সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে।
গত বছর থেকেই ক্রোমে জেমিনি যুক্ত করার কাজ শুরু করে গুগল। শুরুতে একটি ভাসমান উইন্ডোর মাধ্যমে এআই সহকারীটি যুক্ত করা হয়, যা ব্যবহারকারীদের ব্রাউজিং অভিজ্ঞতা সহজ করে তোলে।
চলতি বছরের শুরুতে এতে সাইডবারভিত্তিক সহকারী যুক্ত করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক ট্যাব থেকে তথ্য সংগ্রহ করে প্রশ্নের উত্তর পেতে পারেন। পাশাপাশি জেমিনির পার্সোনাল ইন্টেলিজেন্স সুবিধা ব্যবহার করে জিমেইল ও গুগল ফটোসের মতো সেবার সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিগত তথ্যভিত্তিক উত্তরও পাওয়া যায়।
এই ফিচারের মাধ্যমে ক্যালেন্ডার ব্যবহার করে মিটিং নির্ধারণ, ম্যাপসের মাধ্যমে লোকেশন দেখা এবং জিমেইল দিয়ে ই-মেইল লেখা ও পাঠানোর সুবিধাও মিলছে।
এছাড়া সাইডবারে থাকা ন্যানো বানানা ২ টুল ব্যবহার করে ওয়েবের ছবিও পরিবর্তন করা সম্ভব।
এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ক্রোমে জেমিনি চালু করা হয়। পরে মার্চে ভারত, কানাডা ও নিউজিল্যান্ডে এই সুবিধা সম্প্রসারণ করা হয়।
তবে ব্রাউজার নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করার এজেন্টিক ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি আপাতত যুক্তরাষ্ট্রে এআই প্রো ও এআই আলট্রা পেইড ব্যবহারকারীদের জন্য সীমিত।