চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল মানব’ প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ায় এবার নিয়ন্ত্রণে নামছে চীন। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সাইবার নিয়ন্ত্রক সংস্থা নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে। এতে বিভ্রান্তিকর ও আসক্তিমূলক সেবা বন্ধে কড়াকড়ি আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
নতুন বিধিমালায় বলা হয়েছে, সব ধরনের ভার্চুয়াল মানব সংশ্লিষ্ট কনটেন্টে স্পষ্টভাবে ‘ডিজিটাল মানব’ হিসেবে চিহ্ন দিতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্য ডিজিটাল মানবের মাধ্যমে ‘ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্ক’ তৈরি বা সেবা দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। এছাড়া শিশুদের বিভ্রান্ত বা আসক্ত করে তুলতে পারে এমন কোনো কনটেন্ট দেওয়া যাবে না।
বিধিমালায় আরও বলা হয়েছে, কারও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তার অনুমতি ছাড়া ডিজিটাল মানব তৈরি করা যাবে না। পরিচয় যাচাইকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে ভার্চুয়াল মানব ব্যবহার করাও নিষিদ্ধ করা হবে।
রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে বা জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে এমন কোনো কনটেন্ট প্রচার করা যাবে না। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে যৌন ইঙ্গিতপূর্ণ, ভীতিকর, নিষ্ঠুর বা বৈষম্যমূলক কনটেন্ট ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আত্মহানি বা আত্মহত্যার ঝুঁকি দেখা দিলে ব্যবহারকারীদের সাহায্য করতে পেশাদার সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।
চীনের সাম্প্রতিক পাঁচ বছর মেয়াদি নীতিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে দ্রুত বিকাশমান এই খাতকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর শাসন কাঠামোও গড়ে তোলা হচ্ছে।
নতুন খসড়া নীতিমালার মাধ্যমে ডিজিটাল মানব খাতে বিদ্যমান নিয়ন্ত্রণ ঘাটতি পূরণ এবং নিরাপদ, সুশৃঙ্খল বিকাশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ডিজিটাল মানব প্রযুক্তি এখন কেবল শিল্পের বিষয় নয়, এটি সাইবার নিরাপত্তা, জনস্বার্থ এবং ডিজিটাল অর্থনীতির টেকসই উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি কৌশলগত বিষয়।
সূত্র : রয়টার্স