ক্রোমে যুক্ত হয়েছে জেমিনি, ব্রাউজারেই মিলবে এআই সহকারী

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৯

ক্রোমে যুক্ত হয়েছে জেমিনি, ব্রাউজারেই মিলবে এআই সহকারী
ছবি : টেকক্রাঞ্চ

ইন্টারনেট ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও বুদ্ধিমান ও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিকে এবার সরাসরি ক্রোম ব্রাউজারের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা ব্রাউজারের মধ্যেই নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন।

নতুন এই সুবিধা ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে। প্রথম পর্যায়ে ভারত, কানাডা ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারে জেমিনি ব্যবহার করার সুযোগ পাবেন। ডেস্কটপ সংস্করণে একটি সাইডবারের মাধ্যমে এই এআই সহকারী চালু করা যাবে।

গুগল জানিয়েছে, এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা স্ক্রিনে থাকা যেকোনো কনটেন্ট সম্পর্কে জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে জিমেইল, কিপ, ড্রাইভ ও ইউটিউবের তথ্য ব্যবহার করেও জেমিনি উত্তর দিতে পারবে। ফলে বিভিন্ন তথ্য দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে।

নতুন সম্প্রসারণের অংশ হিসেবে জেমিনি আরও কয়েকটি ভাষা সমর্থন করবে। ইংরেজির পাশাপাশি হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালম, মারাঠি, তেলুগু ও তামিল ভাষায়ও এই সুবিধা পাওয়া যাবে।

গুগল প্রথম যুক্তরাষ্ট্রে গত বছরের সেপ্টেম্বরে ক্রোমে জেমিনি যুক্ত করেছিল। তখন এটি ভাসমান একটি উইন্ডোর মাধ্যমে কাজ করত। চলতি বছরের শুরুতে সাইডবারভিত্তিক নতুন টুল চালু করা হয়, যা ব্যবহারকে আরও সহজ করেছে।

যেসব ব্যবহারকারী এই সুবিধা পাবেন তারা ক্রোমের ট্যাব বারে “আস্ক জেমিনি” নামের একটি আইকন দেখতে পাবেন। যেকোনো ট্যাব থেকে এটি চালু করে কনটেন্টের সারসংক্ষেপ করা, কোনো বিষয় বোঝার জন্য কুইজ তৈরি করা বা বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

জেমিনি একাধিক ট্যাবের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করতে পারে। যেমন অনলাইনে কেনাকাটার সময় বিভিন্ন পণ্যের তুলনা করা বা ভ্রমণের টিকিট যাচাই করার ক্ষেত্রে এটি বেশ সহায়ক হবে।

জেমিনি গুগলের বিভিন্ন সেবার সঙ্গেও সংযুক্ত থাকতে পারে। যেমন জিমেইল, ম্যাপস, ক্যালেন্ডার ও ইউটিউবের তথ্য ব্যবহার করে প্রসঙ্গভিত্তিক উত্তর দিতে পারে। ব্যবহারকারী চাইলে ক্রোমের সাইডবার থেকেই জেমিনির সাহায্যে ই-মেইল লিখে সরাসরি পাঠাতে পারবেন। আবার কোনো ইউটিউব ভিডিওর মূল বিষয়গুলো সময়চিহ্নসহ সংক্ষেপেও দেখাতে পারে এই সহকারী।

এ ছাড়া দিনের কাজের সূচি জানানো বা বৈঠকের সময় নির্ধারণের মতো কাজেও সহায়তা করতে পারে জেমিনি।

ক্রোমে থাকা জেমিনির মাধ্যমে গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘ন্যানো বানানা ২’ ব্যবহার করে ছবিও পরিবর্তন করা যাবে। যেমন কেউ যদি নতুন আসবাব কিনতে চান, তাহলে নিজের ঘরের ছবি আপলোড করে দেখতে পারবেন সেই আসবাবটি ঘরে কেমন দেখাবে।

গুগল আরও জানিয়েছে, ডেস্কটপের পাশাপাশি ভারতে আইওএস সংস্করণের ক্রোমেও ধীরে ধীরে জেমিনি যুক্ত করা হচ্ছে। সুবিধাটি চালু হলে ঠিকানা বারের পেজ টুলস আইকনের মাধ্যমে এটি ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে গুগল এমন কিছু উন্নত এজেন্টভিত্তিক সুবিধা চালু করেছিল, যা ব্যবহারকারীর হয়ে ব্রাউজারের বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। তবে আপাতত এই সম্প্রসারণের অংশ হিসেবে ভারত, কানাডা ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীদের জন্য সেই সুবিধা চালু করা হচ্ছে না।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন