গুগল প্লেতে এক লাখ ডাউনলোডের ভুয়া ক্রোম অ্যাপ
গুগল প্লেতে গুগল ক্রোমের আদলে তৈরি একটি ভুয়া অ্যাপের সন্ধান পাওয়া গেছে। অ্যাপটি এক লাখের বেশি ডাউনলোড দেখানোর পাশাপাশি অর্থের বিনিময়ে বিজ্ঞাপন হিসেবেও প্রদর্শিত হচ্ছিল। ব্যবহারকারীদের অভিযোগের পর অ্যাপটি সরিয়ে নিয়েছে গুগল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এক ব্যবহারকারী গুগল প্লেতে পাশাপাশি দুটি প্রায় একই রকম ক্রোম অ্যাপের ছবি প্রকাশ করেন। এর মধ্যে উপরের অ্যাপটি অর্থের বিনিময়ে বিজ্ঞাপন হিসেবে দেখানো হচ্ছিল। এতে ক্রোমের নাম, লোগো ও প্রচারণামূলক ছবি ব্যবহার করা হলেও প্রকাশক হিসেবে গুগলের বদলে ‘হিজবারটেক’ নামের একটি প্রতিষ্ঠানের উল্লেখ ছিল।
তদন্তে দেখা যায়, অ্যাপটি শুরুতে ক্রোমের নকল ছিল না। ২০২৬ সালের আগস্টে ‘বল বাউন্স’ নামের একটি গেম হিসেবে গুগল প্লেতে প্রকাশ করা হয়েছিল এটি। পরে সেপ্টেম্বরের শেষ দিকে অ্যাপটির নাম, ছবি ও বিবরণ পরিবর্তন করে ক্রোমের আদল দেওয়া হয়।
এ কারণে অ্যাপটির এক লাখ ডাউনলোডের তথ্য বিভ্রান্তিকর ছিল। এই সংখ্যা মূলত গেম হিসেবে থাকার সময়ের ডাউনলোডও অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এক লাখ ব্যবহারকারী ভুয়া ক্রোম ব্রাউজার ভেবে অ্যাপটি ইনস্টল করেছেন, এমন নয়।
অ্যাপটি ইনস্টল করা ব্যবহারকারীদের অভিযোগ, এটি ব্রাউজার হিসেবে কাজ করে না। বরং খুললে ডিজিটাল অবতার ও স্বয়ংক্রিয় উত্তরের সুবিধাসহ একটি আলাদা চ্যাট অ্যাপ দেখা যায়।
ভুয়া অ্যাপ শনাক্ত করতে প্রকাশকের নাম যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। গুগলের আসল ক্রোম অ্যাপের প্রকাশক ‘গুগল এলএলসি’। তাই অন্য কোনো প্রতিষ্ঠানের নামে প্রকাশিত অ্যাপ দেখলে সতর্ক থাকা উচিত। গুগল প্লেতে অর্থের বিনিময়ে বিজ্ঞাপন দেখানো হলেও সেটি অ্যাপের নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেয় না। একইভাবে বেশি ডাউনলোড থাকলেই কোনো অ্যাপ নিরাপদ, এমনটি ধরে নেওয়া ঠিক নয়।
যারা ভুল করে ভুয়া অ্যাপটি ইনস্টল করেছেন, তাদের দ্রুত সেটি মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি গুগল প্লে স্টোরের ‘প্লে প্রোটেক্ট’ সুবিধা চালু করে ডিভাইস স্ক্যান করতে হবে। এতে ডিভাইসে কোনো ক্ষতিকর ফাইল রয়েছে কি না, তা শনাক্ত করতে সহায়তা করবে।