ওয়েবসাইট তৈরির নতুন টুল এনেছে ওয়ার্ডপ্রেস
ওয়েবসাইট তৈরি আরও সহজ করতে নতুন টুল চালু করেছে কনটেন্ট ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস। এখন থেকে ব্রাউজার থেকেই সরাসরি তৈরি করা যাবে ব্যক্তিগত ওয়েবসাইট। এর জন্য অ্যাকাউন্ট খোলা, হোস্টিং নেওয়া বা ডোমেইন কেনার প্রয়োজন নেই। বিশেষ করে নতুন ব্যবহারকারী ও তরুণদের জন্য এটি ওয়েবসাইট তৈরির অভিজ্ঞতা অনেক সহজ করবে।
ওয়ার্ডপ্রেস ডটওআরজি সম্প্রতি my.WordPress.net নামে ব্রাউজারভিত্তিক একটি ব্যক্তিগত ওয়ার্কস্পেস চালু করেছে। এখানে ব্যবহারকারীরা খসড়া লেখা, ডায়েরি, গবেষণার নোট বা নতুন ধারণা নিয়ে পরীক্ষা করতে পারবেন। তবে এগুলো জনসাধারণের জন্য প্রকাশের উদ্দেশ্যে তৈরি নয় এবং সার্চ বা ট্রাফিকের জন্য অপটিমাইজ করা থাকবে না।
এই টুলে ব্যবহারকারীরা বিভিন্ন ফিচার, থিম ও প্লাগইন পরীক্ষা করতে পারবেন। প্রচলিতভাবে ওয়েবসাইট চালাতে সার্ভারভিত্তিক পিএইচপি এবং ডেটাবেজ প্রয়োজন হয়। নতুন ব্যবস্থায় পুরো প্ল্যাটফর্ম ব্রাউজারের ভিতর চলবে। বিশেষজ্ঞদের ধারণা, ওয়েবঅ্যাসেম্বলি বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।
ওয়ার্ডপ্রেস বর্তমানে ইন্টারনেটের প্রায় ৪৩ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত হয়। তবে নো-কোড প্ল্যাটফর্ম যেমন নোশন, ওয়েবফ্লো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইট নির্মাতার সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। নতুন এই উদ্যোগ সেই প্রতিযোগিতার জবাব হিসেবেও দেখা হচ্ছে।
ব্যবহারকারীরা প্রথমে পরীক্ষা করে দেখবেন, পরে পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্রকাশ করতে চাইলে হোস্টিং ও ডোমেইন প্রয়োজন হবে। ডেভেলপার ও ওয়েব এজেন্সিরাও নতুন ফিচার বা প্লাগইন পরীক্ষা করতে এটি ব্যবহার করতে পারবেন।
সব মিলিয়ে ব্রাউজারভিত্তিক এই ব্যক্তিগত সাইট নির্মাণ টুল ব্যবহারকারীদের জন্য সহজ প্রবেশপথ তৈরি করছে এবং ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াকে আরও সরল করছে।