সংসদে ব্যবহৃত Shure হেডফোনের মান ও দাম নিয়ে কেন এত আলোচনা?
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন, হেডফোনের মান সন্তোষজনক নয় এবং ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা অনুভূত হয়েছে।
এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে আলোচনার সূচনা হয়। অনেকেই জানতে চাচ্ছেন, সংসদে ব্যবহৃত হেডফোনের দাম কত এবং এর মান কেমন।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংসদে ব্যবহৃত হেডফোনটি যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান Shure-এর তৈরি। মডেলটি হলো SRH240A। প্রতিষ্ঠানটি মাইক্রোফোন, ওয়্যারলেস অডিও সিস্টেম ও হেডফোনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, SRH240A হেডফোনের মূল্য ৬৯ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা। Shure ব্র্যান্ডের অন্যান্য মডেলের তুলনায় এটি তাদের সবচেয়ে কম দামের হেডফোন।
Shure-এর আরও কয়েকটি উচ্চমূল্যের মডেল রয়েছে। এর মধ্যে AONIC 50 GEN 2 মডেলের দাম ৩৮৫ ডলার, SRH840A মডেল ১৬৯ ডলার, SRH440A মডেল ১০৯ ডলার, SRH1540 মডেল ৫০০ ডলার এবং SRH1840 মডেলের দাম ৫৪৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এগুলোর দাম যথাক্রমে প্রায় ৪৭ হাজার ২৪৮ টাকা থেকে ৬৭ হাজার ৩৩২ টাকার মধ্যে।
একই দিনে সংসদে হেডফোনের মান নিয়ে অসন্তোষের সঙ্গে মাইক্রোফোনেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি সামাল দিতে অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করেন। তিনি জানান, যান্ত্রিক সমস্যার কারণে মাইকে সাময়িক ত্রুটি হয়েছে, যা দ্রুত সমাধান করা হবে। একই সময়ে জোহরের আজান শুরু হওয়ায় অধিবেশন স্থগিত রাখা হয়।