২০২৬ সালেই অ্যাপল পণ্যে বড় চমকের আভাস

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫

২০২৬ সালেই অ্যাপল পণ্যে বড় চমকের আভাস
ছবি : এএফপি

অ্যাপল সাধারণত নতুন পণ্যের বিভাগে খুব ধীরে পা রাখে। গত কয়েক বছরে মিক্সড রিয়েলিটি হেডসেট, ট্র্যাকিং ডিভাইস ও ওয়্যারলেস অডিও পণ্যে প্রবেশ করেছে প্রতিষ্ঠানটি। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আরও বড় চমক। ফোল্ডেবল আইফোন থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস ও অগমেন্টেড রিয়েলিটি চশমা আনতে পারে অ্যাপল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সাল থেকে ধাপে ধাপে অন্তত চারটি নতুন পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এগুলোর মাধ্যমে হার্ডওয়্যার ও সেবার সমন্বয়ে নিজেদের ইকোসিস্টেম আরও শক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

অ্যাপল এরই মধ্যে মিক্সড রিয়েলিটিতে ভিশন প্রো, ট্র্যাকিংয়ে এয়ারট্যাগ এবং অডিওতে এয়ারপডস এনেছে। তবে আইফোন, আইপ্যাড বা ম্যাকের মতো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মূলত এয়ারপডসই। এবার নতুন পণ্যে সেই চিত্র বদলাতে চায় অ্যাপল।

স্মার্ট হোম হাব

সবচেয়ে আলোচিত পণ্যগুলোর একটি হলো অ্যাপলের স্মার্ট হোম হাব। বিভিন্ন প্রতিবেদনে একে ‘হোমপ্যাড’ নামে উল্লেখ করা হচ্ছে। এই ডিভাইসটি হোমপড ও আইপ্যাডের সমন্বিত রূপ হতে পারে। শুরুতে সিরি সংক্রান্ত পরিবর্তনের কারণে পণ্যটির উন্মোচন পিছিয়েছে বলে জানা গেছে।

হালনাগাদ সিরি চালু হলে এ বছরই স্মার্ট হোম হাব বাজারে আসতে পারে। এতে ৬ বা ৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। প্রসেসর হিসেবে ব্যবহৃত হতে পারে এ-১৮ চিপ। এই হাব দিয়ে ঘরের স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ, গান ও ভিডিও চালানো, ভিডিও কল করা এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করা যাবে। ভয়েস ও টাচ উভয় ব্যবস্থাই থাকবে।

স্মার্ট ডোরবেল

স্মার্ট হোম হাবের পাশাপাশি একটি স্মার্ট ডোরবেলও তৈরি করছে অ্যাপল। এটি অ্যাপলের ঘরোয়া নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, আল্ট্রা ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করে স্পর্শ ছাড়াই দরজা খোলার সুবিধা থাকতে পারে।

ডোরবেলটিতে সংবেদনশীল তথ্য সংরক্ষণের জন্য অ্যাপলের সিকিউর এনক্লেভ সিস্টেম ব্যবহার করা হবে। যদিও পণ্যটির বিস্তারিত এখনো সীমিত, তবে ভবিষ্যতের অ্যাপল টিভি ও হোমপড হালনাগাদের সঙ্গে এটি বাজারে আসতে পারে।

ফোল্ডেবল আইফোন ও এআর চশমা

সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ফোল্ডেবল আইফোন। দীর্ঘদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছে। নতুন এই ফোন অ্যাপলের স্মার্টফোন বাজারে বড় পরিবর্তন আনতে পারে।

এ ছাড়া প্রথমবারের মতো অগমেন্টেড রিয়েলিটি চশমা আনতে পারে অ্যাপল। এটি ভিশন প্রোর তুলনায় হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে ২০২৬ সাল থেকে অ্যাপলের পণ্যের জগতে বড় রদবদলের আভাস মিলছে। নতুন এসব ডিভাইস তরুণ প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন