বিশ্বজুড়ে মাইক্রোসফট ৩৬৫ সেবায় বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
বিশ্বজুড়ে হঠাৎ থমকে যায় দৈনন্দিন অফিস ও অনলাইন কাজের গতি। ই-মেইল খুলছে না, অনলাইন মিটিংয়ে যোগ দেওয়া যাচ্ছে না। অনেকের জন্য বন্ধ হয়ে যায় ক্লাস ও দাপ্তরিক যোগাযোগ। বুধবার রাতে মাইক্রোসফট ৩৬৫ প্ল্যাটফর্মে বড় ধরনের কারিগরি বিভ্রাটে এমন পরিস্থিতির মুখে পড়েন হাজার হাজার ব্যবহারকারী।
এই বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাইক্রোসফট টিমস ও আউটলুক সেবা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, আটলান্টা, নিউইয়র্ক, বোস্টন, টাম্পা ও ওয়াশিংটনসহ বিভিন্ন বড় শহর থেকে ব্যবহারকারীরা সমস্যার কথা জানান। সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এক সময় ৪ হাজারের বেশি ব্যবহারকারী একযোগে সমস্যার অভিযোগ করেন।
আউটলুক ব্যবহারকারীদের ক্ষেত্রে শুধু অ্যাপ নয়, ই-মেইল সেবার মূল ব্যবস্থাও ব্যাহত হয়। এর ফলে অনেকেই ই-মেইল পাঠাতে ও পেতে পারেননি। হটমেইল ঠিকানার ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েন। পাশাপাশি অনলাইনভিত্তিক ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট খুলতে ও সম্পাদনা করতেও বাধা দেখা দেয়। তবে যেসব নথি কম্পিউটারে আগে থেকে সংরক্ষিত ছিল, সেগুলো স্থানীয়ভাবে ব্যবহারের সুযোগ ছিল।
মাইক্রোসফট জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে তৃতীয় পক্ষের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে এই বিভ্রাট তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফট ৩৬৫ সেবায় প্রবেশে সমস্যা হচ্ছে এমন প্রতিবেদন পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত বুঝে দেখা হচ্ছে।

পরবর্তীতে মাইক্রোসফট নিশ্চিত করে, একটি তৃতীয় পক্ষের ইন্টারনেট সেবা প্রদানকারীর রাউটিং কনফিগারেশনে ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে। মাইক্রোসফট জানায়, এখন আর নতুন করে এই বিভ্রাট দেখা যাচ্ছে না।
এই সমস্যার প্রভাব পড়ে আরও কয়েকটি সেবায়। মাইক্রোসফট স্টোর ও এক্সবক্স লাইভ ব্যবহারকারীরাও সংযোগজনিত সমস্যার কথা জানান। পাশাপাশি উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে যুক্ত ভিডিও সম্পাদনার সফটওয়্যার ক্লিপচ্যাম্পেও প্রকল্প খুলতে সমস্যা হয়।
বিশেষ করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও তরুণ পেশাজীবীরা এই বিভ্রাটে বেশি ভোগান্তিতে পড়েন। অনলাইন ক্লাস, দূরবর্তী অফিস মিটিং এবং দলগত কাজ ব্যাহত হয়।
এর আগে গত বছরের অক্টোবরে মাইক্রোসফটের আজুর ক্লাউড প্ল্যাটফর্মে দীর্ঘ সময়ের বিভ্রাট দেখা দিয়েছিল। সে সময় আট ঘণ্টার বেশি সময় ধরে বিভিন্ন খাতে প্রভাব পড়ে। মাইক্রোসফট জানিয়েছিল, কনফিগারেশন পরিবর্তনের কারণেই সেই সমস্যা হয়েছিল।
বিশ্বজুড়ে ডিজিটাল সেবার ওপর নির্ভরতা বাড়ার এই সময়ে মাইক্রোসফট ৩৬৫ এর সাম্প্রতিক বিভ্রাট প্রযুক্তিনির্ভর জীবনের ঝুঁকির দিকটিও নতুন করে সামনে আনল।
সূত্র : হাউ-টু গিক ও লাইভ মিন্ট