এবার সিরির শক্তি বাড়াবে গুগলের জেমিনি প্রযুক্তি

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ১৩:১৫

এবার সিরির শক্তি বাড়াবে গুগলের জেমিনি প্রযুক্তি
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করতেই অভ্যস্ত অ্যাপল এবার একটি বড় পরিবর্তন আনলো। ডিজিটাল সহকারী সিরি’কে আরও স্মার্ট করতে প্রতিষ্ঠানটি বেছে নিল গুগলের জেমিনি এআই। এবার অ্যাপলের ভবিষ্যৎ এআই ফিচারও গুগলের প্রযুক্তির ওপর নির্ভর করবে।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে অ্যাপল ও গুগল জানিয়েছে, বহু বছরের চুক্তি অনুযায়ী অ্যাপলের নতুন এআই উদ্যোগে জেমিনি প্রযুক্তিই মূল ভিত্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতর্ক মূল্যায়নের পর অ্যাপল মনে করেছে, তাদের লক্ষ্য পূরণে সবচেয়ে সক্ষম প্রযুক্তি গুগলের। এটি অ্যাপলের জন্য বড় পরিবর্তন, কারণ এত দিন তারা মূল প্রযুক্তি নিজস্বভাবে তৈরি করাতেই বেশি গুরুত্ব দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, স্মার্টফোন বাজারের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই প্রতিষ্ঠান এমনভাবে একত্রিত হওয়া বিরল। বিশ্বজুড়ে আইফোন ও অ্যান্ড্রয়েডের আধিপত্য থাকা সত্ত্বেও এবার এআই খাতে তারা হাতে হাত মিলাচ্ছে। এর আগে ব্যবসায়িক সম্পর্ক ছিল। উদাহরণস্বরূপ, আইফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার হয় এবং গুগল প্রতিবছর অ্যাপলকে বিপুল অর্থ প্রদান করে।

চুক্তি অবশ্য নজর কাড়ছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থারও। বিচার বিভাগ মনে করছে, এটি গুগলের সার্চ বাজারে একচেটিয়া অবস্থান শক্ত করতে পারে। তবে আপাতত আদালত চুক্তি বহাল রাখার অনুমতি দিয়েছে।

নতুন অংশীদারিত্ব নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। টেসলার সিইও ইলন মাস্ক একে প্রতিযোগিতাবিরোধী বলেছেন। তার মতে, গুগল শুধু অ্যান্ড্রয়েড বা ক্রোম নয়, এআই ক্ষেত্রেও ক্ষমতা কেন্দ্রীয় করে দিচ্ছে।

অ্যাপল এই অংশীদারিত্বের আগে ওপেনএআই, অ্যানথ্রপিক ও পারপ্লেক্সিটির সঙ্গেও আলোচনা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত জেমিনিকেই বেছে নেওয়া হয়েছে। চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি। ঘোষণার পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারমূল্য প্রথমবারের মতো চার ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

বিশ্লেষকরা বলছেন, এটি গুগলের জন্য বড় স্বীকৃতি। একই সঙ্গে অ্যাপলের ২০২৬ ও পরবর্তী এআই কৌশলকে স্থির করার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে অ্যাপলের এআই প্রকল্প ধীরগতিতে এগিয়েছে। গত ডিসেম্বরে এআই বিভাগের প্রধান পদ ছাড়েন। সিরির আপডেটও বিলম্বিত হয়েছিল। তবে চলতি বছরের শেষের দিকে নতুন সংস্করণ আসবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপল জোর দিয়েছেন, আইফোন ও আইপ্যাডে ডিভাইস-পর্যায়ে তাদের নিজস্ব অ্যাপল ইন্টেলিজেন্স চলবে। এতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা বজায় থাকবে এবং গোপনীয়তা সংক্রান্ত শিল্পখাতের শীর্ষ মানও নিশ্চিত হবে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন