ডিফেন্ডারের ভুয়া সতর্কবার্তায় বিভ্রান্ত উইন্ডোজ ব্যবহারকারীরা
মাইক্রোসফট ডিফেন্ডার সক্রিয় থাকা সত্ত্বেও উইন্ডোজ ১০ ও ১১ ব্যবহারকারীদের কেউ কেউ অ্যান্টিভাইরাস বন্ধ থাকার ভুয়া সতর্কবার্তা পাচ্ছেন।
পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক হালনাগাদে থাকা ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। কম্পিউটার চালুর সময় এবং পরবর্তী সময়ে হঠাৎ করেও এ ধরনের সতর্কবার্তা দেখাতে পারে।
মাইক্রোসফট জানিয়েছে, সতর্কবার্তায় ডিফেন্ডার বন্ধ থাকার কথা বলা হলেও বাস্তবে অ্যান্টিভাইরাস ঠিকভাবেই কাজ করছে। এমনকি উইন্ডোজের নিরাপত্তা সেটিংসেও ডিফেন্ডার সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০-এর ২২এইচ২, ২১এইচ২, এন্টারপ্রাইজ এলটিএসসি ২০১৯ ও ২০১৬ সংস্করণে এ ত্রুটি দেখা দিতে পারে। পাশাপাশি উইন্ডোজ ১১-এর ২৬এইচ১, ২৫এইচ২, ২৪এইচ২ ও ২৩এইচ২ সংস্করণও আক্রান্ত।
উইন্ডোজ সার্ভারের ২০২৫, ২০২২, ২০১৯, ২০১৬ ও ২০১২ সংস্করণেও একই সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিফেন্ডারের পরবর্তী হালনাগাদে সমস্যাটির সমাধান দেওয়া হবে। তবে কবে নাগাদ সেই হালনাগাদ প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
তাই এ ধরনের সতর্কবার্তা দেখলে ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ডিফেন্ডার সত্যিই বন্ধ আছে কি না, তা উইন্ডোজের নিরাপত্তা সেটিংসে গিয়ে যাচাই করা যাবে।