ইউসিবির করপোরেট অফিসের ওয়াই-ফাই ব্যবস্থাপনায় রেড ডাটা
দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর করপোরেট অফিসের ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে রেড ডাটা (প্রাইভেট) লিমিটেড। এ সেবার আওতায় ইউসিবির করপোরেট অফিসে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করার পাশাপাশি সার্বক্ষণিক নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।
সম্প্রতি এ বিষয়ে রেড ডাটার সঙ্গে চুক্তি করেছে ইউসিবি। চুক্তির আওতায় ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন নেটওয়ার্ক ও ওয়াই-ফাই কার্যক্রম পর্যবেক্ষণ করবে রেড ডাটা। পাশাপাশি ওয়াই-ফাইয়ের এক্সেস পয়েন্ট ব্যবস্থাপনা, নেটওয়ার্কের কার্যকারিতা তদারকি এবং কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সেবার অংশ হিসেবে প্রতিরোধমূলক ও সংশোধনমূলক রক্ষণাবেক্ষণও করা হবে। প্রয়োজন অনুযায়ী দূরবর্তী এবং সরাসরি কারিগরি সহায়তা দেওয়ার ব্যবস্থাও থাকবে। নির্ধারিত সেবা প্রাপ্যতার মান বজায় রাখার পাশাপাশি কোনো ঘটনা বা সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইনসিডেন্ট রেসপন্স ব্যবস্থা রাখা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেড ডাটা (প্রাইভেট) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ ও উপদেষ্টা সৈয়দ আলমাস কবীর উপস্থিত ছিলেন। ইউসিবির পক্ষে অনুষ্ঠানে ছিলেন চিফ টেকনোলজি অফিসার মো. মাশুকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিশান কিংশুক হক, প্রধান আর্থিক কর্মকর্তা ফারুক আহমেদ এবং হেড অব নেটওয়ার্ক এ এস এম নওশাদ আলম।
রেড ডাটার জন্য এই চুক্তিকে এন্টারপ্রাইজ কানেক্টিভিটি, নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও ম্যানেজড আইটি সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে ইউসিবির করপোরেট অফিসের নেটওয়ার্ক অবকাঠামো আরও নির্ভরযোগ্য ও দক্ষভাবে পরিচালনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।