অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন, মাল্টিটাস্কিং ও জেমিনি ফিচারে জোর গুগলের
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ১৭ উন্মোচন করেছে গুগল, যেখানে মাল্টিটাস্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে আনা হয়েছে একাধিক নতুন ফিচার। একই সঙ্গে স্মার্টওয়াচের জন্য প্রকাশ পেয়েছে ওয়্যার ওএস ৭। প্রথমে পিক্সেল ডিভাইসে আসা এই আপডেটের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ‘পিক্সেল ড্রপ’, যা এআই সক্ষমতা আরও বিস্তৃত করেছে।
নতুন সংস্করণে গুগল তাদের সর্বশেষ এআই মডেলগুলোকে সামনে এনেছে। এর মধ্যে রয়েছে মাল্টিমোডাল জেমিনি ওমনি, মিউজিক তৈরির জন্য লিরিয়া ৩ এবং স্পিচ-টু-ট্রান্সলেশন সুবিধা। বিশেষ করে জেমিনি অ্যাপের মাধ্যমে কথোপকথনের মধ্যেই ভিডিও সম্পাদনা করা যাবে, আর লিরিয়া ৩ ব্যবহার করে টেক্সট বা ছবি থেকে গান তৈরি করা সম্ভব হবে।
মাল্টিটাস্কিং সহজ করতে অ্যান্ড্রয়েড ১৭-এ যুক্ত হয়েছে ‘বাবল বার’ নামের নতুন ইউজার ইন্টারফেস। স্ক্রিনের নিচে বুদবুদের মতো ভেসে থাকা অ্যাপগুলো সহজে সরানো, সাজানো ও দ্রুত ব্যবহার করা যাবে। পাশাপাশি একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের অভিজ্ঞতাও আরও দ্রুত হবে।

নতুন আপডেটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য রয়েছে স্ক্রিন ও সেলফি ক্যামেরা একসঙ্গে রেকর্ড করার সুবিধা, যা রিঅ্যাকশন ভিডিও তৈরিতে কাজে লাগবে। এছাড়া কল ধরতে না পারলে নিজের কণ্ঠে আউটগোয়িং বার্তা রেকর্ড করার সুবিধাও যোগ হয়েছে।
নিরাপত্তা ও অভিভাবক নিয়ন্ত্রণেও এসেছে উন্নতি। ‘মার্ক অ্যাজ লস্ট’ ফিচারের মাধ্যমে হারানো ডিভাইস সহজে শনাক্ত করা যাবে। লাইভ থ্রেট ডিটেকশনসহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা যোগ হয়েছে, পাশাপাশি পিন ব্যবহার করেই স্ক্রিন টাইম ও কনটেন্ট ফিল্টার নিয়ন্ত্রণ করা যাবে।
ফোল্ডেবল ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন গেমিং মোডে ৫০/৫০ স্ক্রিন লেআউট ও ডায়নামিক গেমপ্যাড সুবিধা রাখা হয়েছে। অন্যদিকে পিক্সেল ওয়াচে যুক্ত হয়েছে জরুরি শনাক্তকরণ ফিচার, যা দুর্ঘটনা, পড়ে যাওয়া বা নাড়ির স্পন্দন বন্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় যোগাযোগ করবে।

ওয়্যার ওএস ৭-এও আসছে জেমিনি ইন্টেলিজেন্স, যার মাধ্যমে বর্ণনা দিয়েই উইজেট তৈরি করা যাবে। পাশাপাশি ব্যবহারকারীর অ্যাপ ও চ্যাট হিস্ট্রি ব্যবহার করে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা দেবে এই প্ল্যাটফর্ম। গুগলের দাবি, নতুন আপডেটে ব্যাটারি লাইফ প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।