সিলিকন রিভার রোডশো

সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৪ জুন ২০২৬, ১৫:১০

সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ
ছবি : বিএসআইএ

বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে একাধিক বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক ও অংশীদারত্ব জোরদার করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। ‘বিএসআইএ সিলিকন রিভার ইউএসএ রোডশো ২০২৬’-এর অংশ হিসেবে ৯ থেকে ১২ জুন পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই রোডশোর সিলিকন ভ্যালি পর্বে নেতৃত্ব দেন সিলিকন রিভার বাংলাদেশের প্রধান স্থপতি অধ্যাপক মুহাম্মদ মোস্তফা হোসেন। তার সঙ্গে ছিলেন বিএসআইএ নেতারা এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। প্রতিনিধিদল বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন, উন্নত প্যাকেজিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি, রোবোটিক্স ও উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরে এবং দেশকে ‘ইনোভেশন নেশন’ হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করে।

স্যান্ডিস্কের সঙ্গে পাঁচ বছরের সহযোগিতা পরিকল্পনা

৯ জুন স্যান্ডিস্কের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সুবিধা পরিদর্শন করে প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ সহসভাপতি ম্যাট ক্রাউলি ও সহসভাপতি দীপাংশু দত্তের সঙ্গে বৈঠকে পাঁচ বছরের একটি সহযোগিতা কাঠামো প্রস্তাব করা হয়। এতে জনবল উন্নয়ন, উন্নত প্যাকেজিং ও টেস্টিং, স্টোরেজ সিস্টেমের নির্ভরযোগ্যতা, এআই অবকাঠামো, ডিজিটাল টুইন ও উৎপাদন উদ্ভাবন এবং ভবিষ্যৎ কর্মশক্তি গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে সম্ভাব্য অংশীদারত্ব যাচাইয়ে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে স্যান্ডিস্ক।

গ্লোবালফাউন্ড্রিজে বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা

একই দিনে গ্লোবালফাউন্ড্রিজে অনুষ্ঠিত বৈঠকে ড. মাহবুব রাশেদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর ডিজাইন, এআই ও স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরা হয়। বৈঠকের অন্যতম ফলাফল হিসেবে দুটি বাংলাদেশি প্রতিষ্ঠানকে গ্লোবালফাউন্ড্রিজের প্রধান ভেন্ডর হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত হয়। পাশাপাশি উন্নত প্যাকেজিং, বায়োইলেকট্রনিকস, এআই ও ইকোসিস্টেম উন্নয়ন নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারিত হয়। বাংলাদেশে একটি ‘অ্যাডভান্সড প্যাকেজিং ডিজাইন অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

সিনোপসিসের সঙ্গে দক্ষ জনবল তৈরির উদ্যোগ

১০ জুন সিনোপসিসের সঙ্গে বৈঠকে চিফ ইনোভেশন অফিসার রন ডানকানের উপস্থিতিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডম্যাপ তুলে ধরা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, সিনোপসিস ২০২৬ সালের বিইএআর সামিটে প্রতিনিধি পাঠাবে এবং বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘সিনোপসিস একাডেমিক রিসার্চ অ্যালায়েন্স’-এ অংশগ্রহণ সহজতর করা হবে। পাশাপাশি ৩ হাজার ৫০০ প্রকৌশলী তৈরির লক্ষ্যে জাতীয় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ম্যানুফ্যাকচারিং ডিজাইন কিট (এমডিকে) সেন্টার’ প্রতিষ্ঠার বিষয়েও অগ্রগতি হয়েছে।

ক্রেডোতে উচ্চগতির সংযোগ ও গবেষণা সহযোগিতা

ক্রেডোতে অনুষ্ঠিত বৈঠকে সেমিকন্ডাক্টর ডিজাইন, উচ্চগতির সংযোগ প্রযুক্তি, কর্মশক্তি উন্নয়ন ও গবেষণা অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

স্যাক্রামেন্টোতে প্রবাসী বিশেষজ্ঞদের সম্পৃক্ততা

পরবর্তী সময়ে স্যাক্রামেন্টোতে উত্তর ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সভায় ‘ব্রেইনগেইন’ উদ্যোগে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। বিনিয়োগ, পরামর্শ, মেন্টরশিপ ও শিল্প সহযোগিতার মাধ্যমে দেশের উদ্ভাবন খাতকে শক্তিশালী করার আশ্বাস দেন প্রবাসীরা।

ইন্টেল ও আর্মে উচ্চপর্যায়ের বৈঠক

১১ জুন ইন্টেল করপোরেশনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকে সেমিকন্ডাক্টর ডিজাইন, গবেষণা, জনবল উন্নয়ন ও উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হয়। একই দিনে আর্মে অনুষ্ঠিত বৈঠকে এআই-চালিত কম্পিউটিং, উন্নত সিস্টেম ডিজাইন ও দীর্ঘমেয়াদি প্রযুক্তি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।

সিলিকন রিভার সংবর্ধনা ও কূটনৈতিক গুরুত্ব

১১ জুন সন্ধ্যায় আয়োজিত এক সংবর্ধনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম বলেন, ‘ব্রেইনগেইন হবে মস্তিষ্ক, আর সিলিকন রিভার হবে সেই ইঞ্জিন, যা বাংলাদেশকে ইনোভেশন নেশনে রূপান্তর করবে।’ অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক ও বিনিয়োগকারী অংশ নেন।

ইয়িল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমস ও বার্কলে স্কাইডেকে সহযোগিতা

১২ জুন ইয়িল্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেমসে বৈঠকে উন্নত প্যাকেজিং, যন্ত্র প্রকৌশল, উৎপাদন অবকাঠামো ও জনবল প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। একই দিনে ইউসি বার্কলে স্কাইডেকে স্টার্টআপ উন্নয়ন, ভেঞ্চার ক্যাপিটালের সঙ্গে সংযোগ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সমঝোতা হয়।

সমন্বিত উদ্ভাবন ইকোসিস্টেম গড়ার উদ্যোগ

সিলিকন ভ্যালির এই ধারাবাহিক কর্মসূচিতে সিলিকন রিভার, ব্রেইনগেইন, ক্রেস্ট, সিসিআইপি, সারা, স্টার ও বিইএআর সামিটসহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর, এআই, বায়োটেকনোলজি ও উন্নত প্রযুক্তি খাতে বৈশ্বিক সংযোগ ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি স্পষ্ট হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন