নতুন আপডেটে সমস্যার কবলে উইন্ডোজ ব্যবহারকারীরা
প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিক আপডেটের পর। নিয়মিত নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করেই বিপাকে পড়েছেন অনেক উইন্ডোজ ব্যবহারকারী। বিশেষ করে ইন্টারনেটনির্ভর বিভিন্ন অ্যাপ ব্যবহারে দেখা দিয়েছে জটিলতা। সমস্যার সমাধানে ইতিমধ্যে জরুরি আপডেট প্রকাশ করেছে মাইক্রোসফট।
সম্প্রতি (মার্চ মাসের) বাধ্যতামূলক নিরাপত্তা আপডেট ইনস্টল হওয়ার পর থেকেই অভিযোগ বাড়তে থাকে। ব্যবহারকারীরা জানান, ইন্টারনেট সংযোগ ঠিক থাকলেও কিছু অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে না। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মাইক্রোসফটের নিজস্ব সেবা যেমন টিমস, অফিস, ওয়ানড্রাইভ ও আউটলুকে।

প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ লেটেস্টের তথ্য অনুযায়ী, এই আপডেটের কারণে কিছু অ্যাপে ইন্টারনেট সংযোগজনিত বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এর সমাধানে ‘২০২৬-০৩ আপডেট (কেবি৫০৮৫৫১৬) (২৬২০০.৮০৩৯)’ নামে একটি জরুরি আপডেট প্রকাশ করা হয়েছে।
তবে এই আপডেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। ফলে যেসব ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন, তাদের নিজ উদ্যোগে এটি ইনস্টল করতে হবে। যাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য এটি বাধ্যতামূলক নয় বলেও জানিয়েছে মাইক্রোসফট।
জানা গেছে, আপডেটটি ডাউনলোড হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে। ইনস্টল সম্পন্ন হতে আরও পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে। ইন্টারনেটের গতি ও ডিভাইসের সক্ষমতার ওপর সময় কিছুটা কমবেশি হতে পারে।
মার্চের মূল আপডেটে নতুন নিরাপত্তা সংশোধন ও কিছু ফিচার যুক্ত করা হয়েছিল। যেহেতু এটি মাসিক নিরাপত্তা আপডেট, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে অনেক ডিভাইসে ইনস্টল হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এই আপডেটের ফিচার সংক্রান্ত অংশ থেকেই সমস্যার সূত্রপাত।
এই সমস্যা মূলত ব্যক্তিগত মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। করপোরেট বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ব্যবহারকারীরা এ সমস্যার বাইরে থাকতে পারেন।
শুধু আউটলুক, টিমস বা ওয়ানড্রাইভ নয়, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটও এই সমস্যার আওতায় পড়েছে।
তবে অ্যাপগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। মূলত ইন্টারনেটনির্ভর ফিচার ব্যবহারের সময় সমস্যা হচ্ছে। ফলে অফলাইনে অনেক কাজ ঠিকভাবে করা যাচ্ছে।
উইন্ডোজ লেটেস্ট আরও জানিয়েছে, এই ত্রুটি উইন্ডোজ স্টোর ও ফিডব্যাক হাবসহ প্রায় সব মাইক্রোসফট অ্যাপেই প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, যারা নিয়মিত অনলাইন ফিচার ব্যবহার করেন, তারা সমস্যার মুখে পড়লে দ্রুত জরুরি আপডেটটি ইনস্টল করে নেওয়া উচিত।
সূত্র : ফোর্বস