ব্যবহারকারীদের সুবিধায় ডেস্কটপ ‘সুপার অ্যাপ’ আনছে ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে আরও সহজ ও গতিশীল করতে বড় উদ্যোগ নিয়েছে ওপেনএআই। আলাদা আলাদা অ্যাপের ঝামেলা কমিয়ে সব সেবা এক জায়গায় আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এতে ব্যবহারকারীরা একই প্ল্যাটফর্মে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। বিশেষ করে তরুণদের জন্য এটি হতে পারে আরও কার্যকর ও সময়সাশ্রয়ী সমাধান।
ওপেনএআই তাদের ওয়েব ব্রাউজার, চ্যাটজিপিটি অ্যাপ এবং কোডেক্স কোডিং অ্যাপকে একত্র করে একটি ডেস্কটপ ‘সুপার অ্যাপ’ তৈরির পরিকল্পনা করছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদজি সিমো এই উদ্যোগের নেতৃত্ব দেবেন। তাকে সহায়তা করবেন ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান। নতুন এই অ্যাপের লক্ষ্য হলো ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও মসৃণ করা এবং বিচ্ছিন্ন সেবাগুলোকে এক প্ল্যাটফর্মে আনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সিমো বলেন, কোনো প্রতিষ্ঠান কখনো নতুন সম্ভাবনা খোঁজে, আবার কখনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোয়। কোডেক্সের মতো উদ্যোগ সফলতার পথে থাকলে সেখানে আরও মনোযোগ দেওয়া জরুরি। এই সময়টিকে কাজে লাগাতে পারায় তিনি সন্তুষ্ট বলেও উল্লেখ করেন।
এই ‘সুপার অ্যাপ’-এর খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
চলতি মাসের শুরুতে কর্মীদের সঙ্গে এক বৈঠকে ওপেনএআইয়ের অগ্রাধিকার নিয়ে কথা বলেন সিমো। সেখানে তিনি জানান, প্রতিষ্ঠানটি এখন এমন ব্যবহারক্ষেত্রে জোর দিচ্ছে, যা কাজের উৎপাদনশীলতা বাড়ায়। তার ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- লক্ষ্য ধরে রেখে নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা।
২০২২ সালে চ্যাটজিপিটি চালুর মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসে ওপেনএআই। অল্প সময়েই এটি অন্যতম দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়। সাম্প্রতিক সময়ে কোডেক্স অ্যাপ ও নিজস্ব ব্রাউজারসহ একের পর এক নতুন সেবা চালু করেছে তারা। গুগল ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ইনস্টাকার্টের সাবেক প্রধান নির্বাহী ফিদজি সিমো গত মে মাসে ওপেনএআইয়ে যোগ দেন। এরপর থেকেই তিনি পণ্যের ওপর মনোযোগ ও কার্যক্রমে শৃঙ্খলা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি, প্রতিষ্ঠানটি সম্ভাব্য শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতিও নিচ্ছে, যা চলতি বছরেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।