অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা যুক্ত হচ্ছে জেমিনিতে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা যুক্ত হচ্ছে জেমিনিতে
ছবি : টেকক্রাঞ্চ, হাউ-টু গিক, অ্যান্ড্রয়েড পলিসি

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। ব্যবহারকারীর দৈনন্দিন কাজ সহজ করতে নতুন নতুন সুবিধা যুক্ত হচ্ছে ফোনে। এবার এমন এক সুবিধা এনেছে গুগল, যার মাধ্যমে এক নির্দেশেই ফোনে একাধিক কাজ সম্পন্ন করা যাবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের এআই সহকারী জেমিনির নতুন কিছু আপডেট ঘোষণা করেছে। এসব আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে একাধিক ধাপের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার সুবিধা যুক্ত হচ্ছে। ফলে খাবার অর্ডার করা বা যাতায়াতের গাড়ি ডাকার মতো কাজ সহজেই করা যাবে।

গুগল জানিয়েছে, নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা অনেকটা নিজেদের কাজের তালিকাই জেমিনির ওপর ছেড়ে দিতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়েছে, প্রয়োজন হলে জেমিনিকে নির্দেশ দিলেই খাবার ডেলিভারি অর্ডার করা বা রাইড শেয়ার সেবার অ্যাপ ব্যবহার করে গাড়ি বুক করা সম্ভব হবে। যেমন জনপ্রিয় সেবা উবার-এর মাধ্যমে গাড়ি ডাকার কাজও জেমিনি সম্পন্ন করতে পারবে।

তবে শুরুতেই এই সুবিধা সীমিত পরিসরে চালু হচ্ছে। গুগল বলছে, বর্তমানে এটি পরীক্ষামূলক বা বেটা পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে খাবার, মুদি পণ্য এবং রাইড শেয়ার সেবার কিছু নির্দিষ্ট অ্যাপে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ করবে।

সব অ্যান্ড্রয়েড ফোনেও শুরুতে এই সুবিধা পাওয়া যাবে না। নির্দিষ্ট কিছু ডিভাইসে এটি চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে পিক্সেল ১০ ও পিক্সেল ১০ প্রো সিরিজ এবং স্যামসাং-এর গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোন। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় এই সুবিধা চালু করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্বয়ংক্রিয় কাজ করানোর ক্ষেত্রে ভুল হওয়ার ঝুঁকি থাকায় কিছু সুরক্ষা ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। কোনো স্বয়ংক্রিয় কাজ ফোনের মালিকের স্পষ্ট নির্দেশ ছাড়া শুরু হবে না। কাজ চলার সময় ব্যবহারকারী সরাসরি তার অগ্রগতি দেখতে পারবেন। কোনো ভুল হলে বা সমস্যা হলে কাজটি বন্ধও করা যাবে।

গুগল জানিয়েছে, এসব স্বয়ংক্রিয় কাজ ফোনের ভেতরে একটি নিরাপদ ভার্চুয়াল উইন্ডোর মাধ্যমে সম্পন্ন হবে। সেখানে নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করা যাবে। ফোনের অন্য কোনো তথ্য বা ডেটায় জেমিনির প্রবেশাধিকার থাকবে না।

এ ছাড়া ফোনকল প্রতারণা শনাক্ত করার সুবিধাও আরও বিস্তৃত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২৬ সিরিজের ফোনে ফোনকল প্রতারণা শনাক্তের সুবিধা চালু করা হয়েছে। এর আগে পিক্সেল ফোনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে এই সুবিধা ছিল।

একই সঙ্গে পিক্সেল ১০ সিরিজের ফোনে জেমিনির অন-ডিভাইস মডেল ব্যবহার করে প্রতারণামূলক টেক্সট বার্তাও শনাক্ত করা যাবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে এই সুবিধা চালু হচ্ছে। শিগগিরই গ্যালাক্সি এস২৬ সিরিজেও এটি যুক্ত হবে।

আরেকটি পরিবর্তন এসেছে অ্যান্ড্রয়েডের সার্চ সুবিধায়। সার্কেল টু সার্চ ফিচার এখন ফোনের স্ক্রিনে থাকা একাধিক বস্তু একসঙ্গে শনাক্ত করতে পারবে। আগে একটি নির্দিষ্ট বস্তু নির্বাচন করে সার্চ করতে হতো। এখন একই স্ক্রিনে থাকা পোশাক, অ্যাকসেসরি বা অন্যান্য বস্তু একসঙ্গে খুঁজে দেখা সম্ভব হবে।

গুগল নিয়মিতভাবে তাদের অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে জেমিনি আপডেট যুক্ত করছে। অপারেটিং সিস্টেমের আপডেটের পাশাপাশি পিক্সেল ফোনের জন্য নিয়মিত ‘পিক্সেল ড্রপ’ আপডেটের মাধ্যমেও এসব নতুন সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এখনও তাদের পূর্ণাঙ্গ এআই সুবিধা চালু করতে সময় নিচ্ছে। বিশেষ করে এআইচালিত সিরি সহকারী চালুর পরিকল্পনা আবারও বছরের পরের দিকে পিছিয়ে গেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সহকারী হিসেবে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। যেমন ওপেনএআই-এর চ্যাটজিপিটি নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ চালানো এবং কম্পিউটারের বিভিন্ন কাজ সম্পন্ন করার সুবিধা দিচ্ছে। ফলে ভবিষ্যতে স্মার্টফোন ব্যবহার আরও স্বয়ংক্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন