ইলন মাস্কের প্রামাণ্যচিত্রের বিজ্ঞাপন স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক
ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার প্রামাণ্যচিত্রের বিজ্ঞাপন অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে অ্যাকাউন্টটি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান ব্লিকার স্ট্রিট। এর আগে ছবিটির প্রচারণার বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা, ইউটিউব ও মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স।
হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি টিকটকের পক্ষ থেকে ব্লিকার স্ট্রিটকে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে টিকটকের সঙ্গে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনির পরিচালনায় নির্মিত ‘মাস্ক’ প্রামাণ্যচিত্রের ট্রেলার প্রচারের বিজ্ঞাপন শুরুতে প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউবও। তবে পরে দুই প্ল্যাটফর্মই বিজ্ঞাপনটি প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, ত্রুটির কারণে বিজ্ঞাপনটি প্রত্যাখ্যান করা হয়েছিল।
সম্প্রতি গিবনি জানান, ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ইউনিভার্সাল শুরুতে ‘মাস্ক’ মুক্তির পরিকল্পনা নিয়ে দ্বিধায় পড়েছিল। তবে শেষ পর্যন্ত ছবিটি মুক্তির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সও ছবিটির বিজ্ঞাপন প্রচারে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের একটি অংশের মালিক ল্যারি এলিসন। মাস্কের মতো তিনিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত।
গত সপ্তাহান্তে মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মাস্ক’। এখন আরও বেশি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছর এই প্রামাণ্যচিত্রটি এইচবিওতে স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট ও স্কাইড্যান্সের অধীন, যার নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।