অ্যাপলের নতুন আইফোন উন্মোচন ৯ সেপ্টেম্বর
নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ উন্মোচন করতে আগামী ৯ সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এটি হবে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের প্রথম আইফোন উন্মোচন অনুষ্ঠান।
অ্যাপলের পাঠানো আমন্ত্রণপত্রে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ লেখা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ উন্মোচন করবে অ্যাপল। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রথম ভাঁজ করা আইফোনও থাকতে পারে।

এ ছাড়া সিরির নতুন সংস্করণ ‘সিরি এআই’ চালুর ঘোষণা আসতে পারে। আধুনিক বৃহৎ ভাষা মডেল প্রযুক্তিনির্ভর এই সংস্করণ বার্তা ও ক্যালেন্ডারের মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে।
চলতি সপ্তাহে নতুন ম্যাক মিনি ও ম্যাক স্টুডিও উন্মোচন করেছে অ্যাপল। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত সুবিধাযুক্ত এসব কম্পিউটার ২২ সেপ্টেম্বর বাজারে আসবে।
আগামী ১ সেপ্টেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়বেন টিম কুক। এরপর তিনি নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। একই দিন জন টার্নাস অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন। ফলে ৯ সেপ্টেম্বরের আইফোন উন্মোচন অনুষ্ঠানটি হবে টার্নাসের নেতৃত্বে অ্যাপলের প্রথম বড় আয়োজন।
সূত্র : সিএনবিসি