বন্ধ হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, জায়গা দখল করবে ‘জেমিন’

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১৫:০২

বন্ধ হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, জায়গা দখল করবে ‘জেমিন’
ছবি : সিনেট

গুগল তার ভয়েস-সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টকে ধীরে ধীরে বন্ধ করার পরিকল্পনা করছে। কোম্পানি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত জেমিনিকে প্রধান সহকারী হিসেবে গ্রহণ করতে যাচ্ছে।

গত এক বছর ধরে ব্যবহারকারীরা চাইলে সহজ টগল ব্যবহার করে পুরনো অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারতেন। কিন্তু এবার সেই সুযোগ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। অ্যান্ড্রয়েড অথরিটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনি-এর সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণে এমন নতুন কোড যুক্ত হয়েছে যা নিশ্চিত করছে, শিগগিরই ব্যবহারকারীরা জেমিনি থেকে গুগল অ্যাসিস্ট্যান্টে ফেরার বিকল্প পাবেন না।

সাম্প্রতিক সময়ে গুগল অ্যাসিস্ট্যান্টের একাধিক ও একচেটিয়া সুবিধা জেমিনিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহকারী জেমিনি, অ্যাসিস্ট্যান্টের সব কাজ করতে পারবে এবং আরও নতুন সুবিধা দেবে।

জেমিনি ব্যবহারকারীর প্রশ্ন প্রক্রিয়াকরণের সময় নতুন অ্যানিমেশন দেখাবে। দীর্ঘ বার্তা পাঠালে পুরো বার্তাটি চ্যাটে প্রদর্শিত হবে। ভবিষ্যতে ব্যবহারকারীরা বার্তাগুলো প্রসারিত বা সংকুচিত করার জন্য বাটন পাবেন। এছাড়া ‘জাম্প টু বটম’ বাটনের মাধ্যমে চ্যাটের নিচের অংশে সহজে চলে যাওয়ার সুবিধাও থাকবে।

গুগলের এই পদক্ষেপের লক্ষ্য তার কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সহকারী ব্যবস্থাকে আরও কেন্দ্রীয়, একক এবং ব্যবহারকারীর জন্য আরও কার্যকর করা।

গুগলের এই পরিবর্তন অনেকটা সময়ের দাবি বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ জেমিনি শুধু একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়, এটি গুগলের পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। ব্যবহারকারীরা এখন টেক্সট, ভয়েস, ছবি ও ভিডিও- সব মাধ্যমেই এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

গুগল অ্যাসিস্ট্যান্টের তুলনায় জেমিনি অনেক বেশি কার্যকর, দ্রুত এবং প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম। একই সঙ্গে এটি ব্যবহারকারীর প্রশ্ন বুঝে প্রসঙ্গভিত্তিক উত্তর দিতে পারে। যা ভবিষ্যতে সার্চ ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূল বদলে দেবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া