ইউএসবি-সি পোর্ট নিয়ে আমাদের ৪ ভুল ধারণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১৫:০৬

ইউএসবি-সি পোর্ট নিয়ে আমাদের ৪ ভুল ধারণা
ছবি : বিজিআর ডটকম

বর্তমানে নতুন ল্যাপটপ, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসে প্রায় সবখানেই দেখা যায় ইউএসবি-সি পোর্ট। চার্জিং, ডেটা স্থানান্তর, ভিডিও এবং অডিও সংযোগসহ এটি একাধিক কাজে ব্যবহার করা যায়। তবে অনেকেই ধরে নেন সব ইউএসবি-সি পোর্ট সমান এবং সব কাজ করতে পারে। বাস্তবে, এর ক্ষমতা পোর্টের স্পেসিফিকেশন অনুযায়ী ভিন্ন এবং কিছু সাধারণ ভুল ধারণা এখনও জনপ্রিয়।

সব ইউএসবি-সি পোর্ট একই

পোর্টের আকৃতি এক হলেও এর ক্ষমতা ভিন্ন। ২০১৪ সালে ইউএসবি-সি এসেছে, তারপর বিভিন্ন সংস্করণ প্রকাশিত হয়েছে। পুরনো পোর্ট মাত্র ৪৮০ মেগাবিট পর্যন্ত ডেটা স্থানান্তর করতে পারে, নতুন পোর্ট ৫, ১০ বা ৪০ গিগাবিট পর্যন্ত করতে সক্ষম।

সব ইউএসবি-সি পোর্ট দ্রুত চার্জ দেয় 

অনেকে মনে করেন ইউএসবি-সি পোর্ট থাকলেই চার্জ দ্রুত হবে। কিন্তু সব পোর্ট দ্রুত চার্জ সমর্থন করে না। কিছু পোর্ট মাত্র ৭.৫ ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারে। সর্বাধিক ২৪০ ওয়াট চার্জিং পাওয়া যায় শুধুমাত্র আধুনিক পাওয়ার ডেলিভারি প্রযুক্তি সমর্থন করা পোর্টে।

ইউএসবি-সি এবং থান্ডারবোল্ট একই 

থান্ডারবোল্ট একটি আলাদা প্রযুক্তি, যা শুধুমাত্র ইউএসবি-সি পোর্ট ব্যবহার করে। থান্ডারবোল্ট ৫ পোর্টে ৮০ বা ১২০ গিগাবিট ডেটা স্থানান্তর, ১৪০ ওয়াট চার্জিং এবং একসাথে একাধিক উচ্চ রেজোলিউশনের মনিটর সংযোগ করা যায়। সাধারণ ইউএসবি-সি পোর্ট এমন সব ক্ষমতা দেয় না।

সব ইউএসবি-সি পোর্ট ভিডিও আউটপুট সমর্থন করে 

ভিডিও আউটপুটের জন্য পোর্টে আল্টারনেট মোড থাকতে হয়, যা ডিসপ্লেপোর্ট সমর্থন করে। এইচডিএমআই মোডের ব্যবহার কমে গেছে, তাই আধুনিক পোর্টে ডিসপ্লেপোর্ট মোড থাকা জরুরি। নতুন ল্যাপটপ বা মনিটর কেনার আগে নিশ্চিত হওয়া প্রয়োজন যে অন্তত একটি পোর্ট ভিডিও আউটপুট সমর্থন করে।

ইউএসবি-সি পোর্ট বহুমুখী হলেও সব পোর্ট সমান নয়। ডেটা স্থানান্তর, দ্রুত চার্জিং বা ভিডিও সংযোগের জন্য পোর্টের ক্ষমতা পরীক্ষা করা জরুরি। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যাতে তারা তাদের ডিভাইস থেকে সঠিক সুবিধা নিতে পারেন।

সূত্র : বিজিআর ডটকম