১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হচ্ছে মালয়েশিয়ায়
আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে মালয়েশিয়া। অনলাইন প্রতারণা ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় সরকার এই সিদ্ধান্তের প্রস্তুতি নিয়েছে। দেশটিতে নতুন বয়স যাচাই ব্যবস্থাও চালু হবে।
গতকাল (রবিবার) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, ১৬ বছরের নিচে কেউ নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সব প্ল্যাটফর্মে বাধ্যতামূলক বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। তিনি বলেন, ‘বয়স যাচাইয়ে ই-কেওয়াইসি ব্যবস্থার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ব্যবহার করা হবে।’
ফাহমি বলেন, ‘শিশুদের অনলাইন নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ। সাইবার বুলিং, অনলাইন স্ক্যাম, আর্থিক প্রতারণা ও অনুপযুক্ত কনটেন্ট শিশুদের ক্ষতি করছে। অস্ট্রেলিয়ায় যে বয়সসীমা কার্যকর হতে যাচ্ছে, মালয়েশিয়া সেই অভিজ্ঞতাও পর্যবেক্ষণ করছে।’
মন্ত্রী জানান, অনলাইন সেফটি আইন আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই আইনের লক্ষ্য শিশুদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করা। তিনি পরিবারগুলোকে পরামর্শ দেন শিশুদের স্ক্রিন টাইম কমাতে। এছাড়া শিশুদের বাইরে সময় কাটানো বাড়াতে বলেন। অভিভাবকদের সন্তান কী দেখছে ও কার সঙ্গে যোগাযোগ করছে তা নজরে রাখার আহ্বান জানান।
আইপিপিটারের আয়োজিত অনলাইন প্রতারণা সচেতনতা সেমিনারের সমাপনীতে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সব প্ল্যাটফর্মে বয়স যাচাই বাধ্যতামূলকভাবে মানতে হবে। বয়স নিশ্চিত না হলে কোনো নতুন অ্যাকাউন্ট খুলতে দেওয়া যাবে না।’
মালয়েশিয়ায় অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা অনেক দিন ধরেই চলছে। সরকারের আশা, নতুন বিধান কার্যকর হলে কিশোরদের অনলাইন সুরক্ষা আরও শক্তিশালী হবে। দেশটি অনলাইন নিরাপত্তায় এ অঞ্চলের অন্য দেশগুলোর জন্য উদাহরণও হতে পারে।
সূত্র : মালয় মেইল