চ্যাটজিপিটির ‘অ্যাডাল্ট মোড’ আনতে আরও সময় চাইছে ওপেনএআই

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ মার্চ ২০২৬, ১১:৪৯

চ্যাটজিপিটির ‘অ্যাডাল্ট মোড’ আনতে আরও সময় চাইছে ওপেনএআই
ছবি : টেকরাডার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা আনার পরিকল্পনা করেছিল ওপেনএআই। বয়স যাচাই করা ব্যবহারকারীরা এর মাধ্যমে ইরোটিকাসহ বিভিন্ন প্রাপ্তবয়স্ক কনটেন্ট দেখতে পারতেন। তবে বহুল আলোচিত সেই সুবিধা এখনই চালু হচ্ছে না। ফিচারটি চালুর সময় আবারও পিছিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে বেশি সংখ্যক ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ কিছু উন্নয়নকাজে মনোযোগ দেওয়ার কারণেই এই সুবিধা চালু করতে আরও সময় নেওয়া হচ্ছে।

গত বছরের অক্টোবরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান প্রথমবারের মতো এই সুবিধা চালুর পরিকল্পনার কথা জানান। সে সময় তিনি বলেন, ডিসেম্বর থেকে বয়স যাচাই প্রক্রিয়া আরও বিস্তৃত করা হবে। একই সঙ্গে ‘প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কের মতো বিবেচনা করা’ নীতির অংশ হিসেবে যাচাইকৃত প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য ইরোটিকাসহ আরও কিছু কনটেন্ট দেখার সুযোগ দেওয়া হবে।

তবে নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বরেই ফিচারটি চালু হয়নি। পরে জানা যায়, অল্টম্যান অভ্যন্তরীণ এক বার্তায় “কোড রেড” ঘোষণা করেন এবং চ্যাটজিপিটির মূল ব্যবহার অভিজ্ঞতা উন্নত করার কাজে দলগুলোকে অগ্রাধিকার দিতে বলেন। এর ফলে অ্যাডাল্ট মোড চালুর সময় পিছিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিকে নেওয়া হয়।

নতুন করে আবারও সময় বাড়ানো হয়েছে। ওপেনএআইয়ের এক মুখপাত্র অ্যাক্সিওসকে জানান, প্রতিষ্ঠানটি আপাতত অ্যাডাল্ট মোড চালুর কাজ পিছিয়ে দিচ্ছে। কারণ বর্তমানে চ্যাটজিপিটির বুদ্ধিমত্তা বাড়ানো, এর ব্যক্তিত্ব উন্নত করা এবং ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনে এটিকে আরও সক্রিয় করার মতো বিষয়গুলোতে কাজ চলছে।

ওই মুখপাত্র বলেন, প্রতিষ্ঠানটি এখনো বিশ্বাস করে যে প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কের মতোই বিবেচনা করা উচিত। তবে এই সুবিধা সঠিকভাবে তৈরি করতে আরও সময় প্রয়োজন।

কবে নাগাদ এই সুবিধা চালু হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। বিষয়টি প্রথম সামনে আসে বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন