ওপেনএআই নিয়ে আদালতে মাস্ক, দাবি ১৩৪ বিলিয়ন ডলার

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৯

ওপেনএআই নিয়ে আদালতে মাস্ক, দাবি ১৩৪ বিলিয়ন ডলার
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা ওপেনএআই এবার বড় আইনি সংকটে পড়েছে। ইলন মাস্ক নিজের অবদানকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছেন। 

এই মামলায় শুধু অর্থ নয়, ওপেনএআইয়ের উদ্দেশ্য ও ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ইলন মাস্ক ওপেনএআই ও প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিতে তিনি এই দাবি জানান।

আদালতের নথি অনুযায়ী, মাস্কের প্রাথমিক সহায়তার কারণে ওপেনএআই ৬৫.৫ বিলিয়ন থেকে ১০৯.৪ বিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক সুবিধা পেয়েছে। একই সময়ে মাইক্রোসফট লাভ করেছে আনুমানিক ১৩.৩ বিলিয়ন থেকে ২৫.১ বিলিয়ন ডলার। মাস্কের দাবি, এসব অর্থ ‘ভুলভাবে অর্জিত সুবিধা’ এবং তিনি তা ফেরত পাওয়ার অধিকারী।

মাস্কের প্রধান আইনজীবী স্টিভেন মোলোর বলেন, ইলন মাস্ক না থাকলে ওপেনএআইয়ের অস্তিত্বই থাকত না। তিনি প্রাথমিক তহবিলের বড় অংশ দিয়েছেন, নিজের পরিচিতি ব্যবহার করেছেন এবং একটি স্টার্টআপ কীভাবে বড় করতে হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। একজন স্বীকৃত বিশেষজ্ঞ তার এই অবদানের আর্থিক মূল্য নির্ধারণ করেছেন।

ওপেনএআই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাস্কের দাবি গুরুত্বহীন এবং এটি তাদের বিরুদ্ধে পরিচালিত একটি হয়রানিমূলক অভিযান। এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওপেনএআই ও মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানই আদালতে আলাদা আবেদনের মাধ্যমে মাস্কের ক্ষতিপূরণ দাবিকে চ্যালেঞ্জ করেছে। তাদের বক্তব্য, মাস্কের উপস্থাপিত আর্থিক বিশ্লেষণ অবাস্তব, যাচাই করা যায় না এবং এটি জুরিদের বিভ্রান্ত করতে পারে।

আদালতের নথিতে বলা হয়েছে, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সময় ইলন মাস্ক প্রায় ৩৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন। যা প্রতিষ্ঠানটির প্রাথমিক তহবিলের প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া জনবল নিয়োগ, ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং প্রকল্পটির গ্রহণযোগ্যতা বাড়াতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১৮ সালে ওপেনএআই ছাড়ার পর মাস্ক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এক্সএআই গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানটি ‘গ্রোক’ নামের একটি চ্যাটবট পরিচালনা করছে। মাস্কের অভিযোগ, অলাভজনক উদ্দেশ্যে গঠিত ওপেনএআই পরে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে তাদের মূল লক্ষ্য থেকে সরে গেছে।

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত একটি আদালত চলতি মাসে রায় দিয়েছেন, এ মামলার বিচার জুরির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিল মাসে বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জুরি যদি মাস্কের পক্ষে রায় দেন, তাহলে তিনি আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি দণ্ডমূলক ক্ষতিপূরণ এবং অন্যান্য নিষেধাজ্ঞার আবেদন করতে পারবেন।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন