গুগলের নতুন অ্যাপ আইকন নকশায় কেউ মুগ্ধ, কেউ বিরক্ত
মোবাইলের হোম স্ক্রিনে ভিন্নতা আনতে নতুন নকশার অ্যাপ আইকন চালু করেছে গুগল। ঝকঝকে ডিসকো বল অনুপ্রাণিত এই আইকন সেট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সৃজনশীল ও আকর্ষণীয় বলছেন, আবার অনেকের কাছে এটি অতিরিক্ত উজ্জ্বল ও অস্বস্তিকর মনে হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক মাধ্যম টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই নতুন আইকন নকশা চালু করা হয়েছে। এতে প্রতিটি অ্যাপের আইকনকে ডিসকো বলের মতো ঝলমলে রূপ দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীর হোম স্ক্রিনে আলাদা এক দৃশ্য তৈরি করে।
এই ফিচারটি মূলত পিক্সেল ফোনের কাস্টম আইকন সুবিধার অংশ। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন নকশা থেকে পছন্দমতো আইকন বেছে নিতে পারেন। আগে কেবল ওয়ালপেপার ও থিমের সঙ্গে মিলিয়ে আইকনের রঙ পরিবর্তনের সুযোগ থাকলেও এখন যুক্ত হয়েছে নকশাগত বৈচিত্র্য।
জানা গেছে, মার্চ মাসে চালু হওয়া নিয়মিত আপডেটের অংশ হিসেবে এই কাস্টম আইকন সুবিধা যুক্ত হয়। এতে হাতে আঁকা ধাঁচ, সোনালি আভা এবং রঙিন শিল্পধর্মী নকশাসহ আরও কয়েকটি স্টাইল দেওয়া হয়েছিল।
গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সমীর সামাত সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, ব্যবহারকারীরা সত্যিই এমন ঝলমলে আইকন চান কি না।
এর আগে সংগীত স্ট্রিমিং সেবা স্পটিফাই তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাময়িকভাবে একই ধরনের ডিসকো থিমের আইকন চালু করেছিল। সেটিও ব্যবহারকারীদের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
বিশ্লেষকদের মতে, গুগলের এই উদ্যোগ প্রযুক্তিতে সৃজনশীলতা যোগ করলেও সব ব্যবহারকারীর কাছে তা সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তবে নতুন প্রজন্মের মধ্যে এ ধরনের খেলাচ্ছলে নকশার প্রতি আগ্রহ বাড়ছে বলেও মনে করা হচ্ছে।
সূত্র : টেকক্রাঞ্চ