খরচ বিশ্লেষণ ও আর্থিক পরিকল্পনায় নতুন উদ্যোগ চ্যাটজিপিটির
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে সহজ করতে নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সুবিধায় ব্যবহারকারীরা সরাসরি নিজেদের ব্যাংক ও আর্থিক হিসাব চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করে খরচ বিশ্লেষণ থেকে শুরু করে ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা পর্যন্ত বিভিন্ন পরামর্শ নিতে পারবেন।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটি প্রো ব্যবহারকারীদের জন্য চালু হওয়া এই ফিচারে আর্থিক সংযোগ সেবা প্লেইডের মাধ্যমে ১২ হাজারের বেশি প্রতিষ্ঠানের হিসাব যুক্ত করা যাবে। এর মধ্যে শোয়াব, ফিডেলিটি, চেজ, রবিনহুড, আমেরিকান এক্সপ্রেস ও ক্যাপিটাল ওয়ানের মতো বড় আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। হিসাব যুক্ত করার পর ব্যবহারকারীরা একটি ড্যাশবোর্ডে বিনিয়োগের পারফরম্যান্স, খরচের ধরন, সাবস্ক্রিপশন ও আসন্ন বিল দেখতে পারবেন।
সম্প্রতি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা স্টার্টআপ হিরোর টিম অধিগ্রহণের পরই এই ফিচার চালু করল ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই দলের অভিজ্ঞতা নতুন এই সেবা উন্নয়নে সহায়ক হয়েছে।
নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা সহজ ভাষায় প্রশ্ন করে নিজেদের আর্থিক অবস্থার বিশ্লেষণ পেতে পারবেন। যেমন, সাম্প্রতিক সময়ে খরচ বেড়েছে কি না বা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি কেনার জন্য কীভাবে পরিকল্পনা করতে হবে,এ ধরনের প্রশ্নের উত্তরও দেবে চ্যাটজিপিটি।
ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে যেকোনো সময় ব্যাংক সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন এবং সংযুক্ত তথ্য ৩০ দিনের মধ্যে মুছে যাবে। পাশাপাশি সংরক্ষিত আর্থিক তথ্যও আলাদাভাবে দেখা ও মুছে ফেলার সুযোগ থাকবে।

ওপেনএআই জানিয়েছে, প্রতি মাসে ২০ কোটির বেশি ব্যবহারকারী ইতোমধ্যে চ্যাটজিপিটিকে আর্থিক প্রশ্ন করে থাকেন। নতুন জিপিটি-৫.৫ মডেল জটিল প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে আরও সক্ষম হওয়ায় এই ফিচার ব্যবহারকারীদের জন্য আরও কার্যকর হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।
প্রাথমিকভাবে ওয়েব ও আইওএসে চালু হওয়া এই সেবা ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তীতে আরও বিস্তৃত করা হবে।