স্মার্ট নেটওয়ার্ক গড়তে এআইয়ে জোর দিচ্ছে নকিয়া

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১০

স্মার্ট নেটওয়ার্ক গড়তে এআইয়ে জোর দিচ্ছে নকিয়া
ছবি : ইয়াহু ফাইন্যান্স

ব্রডব্যান্ড ও নেটওয়ার্ক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে নকিয়া। ‘এজেন্টিক এআই’ ভিত্তিক সমাধান উন্মোচনের মাধ্যমে টেলিকম অপারেটরদের জন্য আরও স্বয়ংক্রিয় ও দক্ষ নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। এতে করে বৈশ্বিক টেলিকম খাতে এআই প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

নকিয়ার এই নতুন এআই সুবিধা যুক্ত হয়েছে তাদের অল্টিপ্লানো, কর্টেকা ও ব্রডব্যান্ড ইজি প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির দাবি, এসব প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক সমস্যার শনাক্তকরণ ও তাৎক্ষণিক সমাধান দিতে সক্ষম। পাঁচ মিনিটের মধ্যে ত্রুটি শনাক্ত করা, গ্রাহক সহায়তা ব্যবস্থার দক্ষতা বাড়ানো এবং প্রযুক্তিবিদদের পুনরায় সাইটে যাওয়ার প্রয়োজন প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার মতো সুবিধা দেবে এই সমাধান।

নতুন প্ল্যাটফর্মে থাকা এআই সহকারী ভয়েস, লেখা ও ছবির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের সহায়তা করবে। পাশাপাশি কম্পিউটার ভিশন প্রযুক্তির মাধ্যমে ফাইবার নেটওয়ার্কের কাজের মান যাচাই ও পর্যবেক্ষণ করা যাবে। উন্মুক্ত ও নিরাপদ কাঠামোর কারণে অপারেটররা নিজেদের ডেটা ও এআই মডেল ব্যবহার করেও পুরো নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।

বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে টেলিকম খাতে ‘এজেন্টিক এআই’ বিনিয়োগ ৬২০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ফলে এআইনির্ভর স্মার্ট নেটওয়ার্ক গড়ে তোলার দৌড়ে এখনই অবস্থান শক্ত করতে চাইছে নকিয়া।

তবে এই বাজারে প্রতিযোগিতা তীব্র। এরিকসন ইতোমধ্যে এআই-সক্ষম রেডিও ও নেটওয়ার্ক সফটওয়্যার চালু করেছে এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করছে। অন্যদিকে সিসকো নেটওয়ার্ক অটোমেশন ও এআই অবকাঠামো জোরদার করে করপোরেট গ্রাহকদের আকৃষ্ট করছে। সাম্প্রতিক আর্থিক ফলাফলেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে প্রতিষ্ঠানটি, যা পুরো খাতেই ইতিবাচক প্রভাব ফেলেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত এক বছরে নকিয়ার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা খাতের গড় প্রবৃদ্ধির চেয়েও বেশি। এআই ও ক্লাউডভিত্তিক অবকাঠামোর চাহিদা বাড়তে থাকায় আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ইয়াহু ফাইন্যান্স