যাচাই ত্রুটির ভোগান্তিতে ইউটিউব ব্যবহারকারীরা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৫:১৬

যাচাই ত্রুটির ভোগান্তিতে ইউটিউব ব্যবহারকারীরা
ছবি : অ্যান্ড্রয়েড অথরিটি

ভিডিও দেখতে গিয়ে হঠাৎ থমকে যাচ্ছিল সবকিছু। বারবার ‘আপনি মানুষ কি না’ প্রমাণ দিতে বলা হচ্ছিল ব্যবহারকারীদের। একই যাচাই শেষ করেও মিলছিল না মুক্তি। এতে গত এক দিনে ভোগান্তিতে পড়েন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউটিউব ব্যবহারকারীরা।

ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে সাম্প্রতিক এক ত্রুটির কারণে ক্যাপচা যাচাইয়ের এক অন্তহীন চক্রে আটকে পড়েন অনেক ব্যবহারকারী। ফলে ভিডিও চালানো তো দূরের কথা, অনেক ক্ষেত্রে মূল পেজও লোড হচ্ছিল না।

গত ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে ব্যাপক অভিযোগ ওঠে। ব্যবহারকারীরা জানান, তাদের স্ক্রিনে ‘আপনার নেটওয়ার্ক থেকে অস্বাভাবিক ট্রাফিক শনাক্ত হয়েছে’ এমন সতর্কবার্তা দেখা যাচ্ছিল। এরপরই বিকৃত ও জটিল লেখা শনাক্ত করতে বলা হচ্ছিল। যাচাই সম্পন্ন করার পরও আবার একই ধাপে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

বিভিন্ন অনলাইন ফোরাম, বিশেষ করে রেডিটে, ব্যবহারকারীরা সমস্যার কারণ খুঁজতে থাকেন। শুরুতে অনেকেই ধারণা করেন, ব্রাউজারের নতুন আপডেটের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তবে পরে দেখা যায়, একাধিক ব্রাউজারেই একই সমস্যা হচ্ছে।

এই ত্রুটি শুধু ইউটিউবের মূল সাইটেই সীমাবদ্ধ ছিল না। ডিসকর্ড ও ব্লুস্কাইয়ের মতো প্ল্যাটফর্মে যুক্ত ভিডিও চালাতেও একই যাচাই প্রক্রিয়ার মুখে পড়তে হচ্ছিল।

সমস্যা সমাধানে ব্যবহারকারীরা নানা চেষ্টা করেন। কেউ ভিপিএন সেবা বন্ধ করেন, কেউ ডিএনএস পরিবর্তন করেন। এমনকি পাবলিক ডিএনএস বা ১.১.১.১ ব্যবহার করেও স্থায়ী সমাধান পাননি। কিছুক্ষণের জন্য কাজ করলেও পরে আবার একই সমস্যা ফিরে আসছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, ইউটিউবের সার্ভারভিত্তিক বট শনাক্তকরণ ব্যবস্থা ভুল করে স্বাভাবিক ব্যবহারকারীদের সন্দেহজনক হিসেবে চিহ্নিত করছিল। এই সমস্যা মূলত ডেস্কটপ সংস্করণে দেখা গেলেও মোবাইল অ্যাপে এর কোনো প্রভাব পড়েনি।

যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এতে ভোগান্তির শিকার হন। কেউ কেউ ‘ইন্টারনেট সংযোগ নেই’ বার্তাও দেখতে পান। এতে অনেকেই আশঙ্কা করেছিলেন, তাদের ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ঢুকে পড়েছে বা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার পর ইউটিউবের এক প্রতিনিধি নিশ্চিত করেন, সমস্যাটি তাদের পক্ষ থেকেই তৈরি হয়েছিল। ইতিমধ্যে সেটি পুরোপুরি সমাধান করা হয়েছে। ফলে এখন ডেস্কটপে স্বাভাবিকভাবে ভিডিও দেখা যাচ্ছে।

সূত্র : অ্যান্ড্রয়েড অথরিটি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন