আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ইমোজি ও ফিচার

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৪২

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ইমোজি ও ফিচার
ছবি : ম্যাক ওয়ার্ল্ড

প্রযুক্তিপ্রেমী আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে এসেছে অ্যাপল। তাদের সর্বশেষ সফটওয়্যার হালনাগাদে যুক্ত হয়েছে নতুন ইমোজি ও আকর্ষণীয় কিছু সুবিধা। গান শোনা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহার, সব ক্ষেত্রেই মিলবে নতুন অভিজ্ঞতা। তরুণদের কাছে এই আপডেট হতে পারে বেশ উপভোগ্য।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আইওএস ও আইপ্যাডওএস ২৬.৪ সংস্করণ। এই হালনাগাদে রয়েছে ৮টি নতুন ইমোজি, গান শোনার অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর সুবিধা, সহজ ব্যবহার নিশ্চিত করতে নানা উন্নয়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ১৩টি উন্নয়ন যুক্ত হয়েছে এই সংস্করণে। দ্রুত টাইপকারীদের জন্য কিবোর্ডের নির্ভুলতা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন ত্রুটি সংশোধন ও নিরাপত্তা আপডেটও দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ মার্চ পরীক্ষামূলক ব্যবহারকারীরা এই সংস্করণটি ডাউনলোডের সুযোগ পান। এরপর সবার জন্য উন্মুক্ত করা হয়।

নতুন যে ইমোজিগুলো এসেছে

এই আপডেটে যুক্ত হয়েছে ৮টি নতুন ইমোজি। এগুলো হলো-

  • বিকৃত মুখের অভিব্যক্তি, ফুলে ওঠা চোখসহ
  • ব্যালে নৃত্যশিল্পী, বিভিন্ন ত্বকের রঙে
  • ধনভাণ্ডার, সোনা, মুক্তা ও মুকুটসহ
  • লোমশ প্রাণী, অনেকটা কাল্পনিক প্রাণী মতো
  • নতুন ভঙ্গিতে তিমি মাছ
  • বাদ্যযন্ত্র
  • ভূমিধসের দৃশ্য
  • কার্টুনে দেখা মারামারিতে মেঘের মতো ধোঁয়া

গান শোনার অ্যাপে নতুন অভিজ্ঞতা

গান শোনার অ্যাপে যুক্ত হয়েছে প্লেলিস্ট প্লেগ্রাউন্ড সুবিধা। এতে নিজের পছন্দ অনুযায়ী বর্ণনা দিলে স্বয়ংক্রিয়ভাবে গান তালিকা তৈরি হবে। থাকবে শিরোনাম, বিবরণ ও গানের তালিকাও।

আরেকটি নতুন সুবিধা হলো কনসার্টস। এটি ব্যবহারকারীর লাইব্রেরিতে থাকা শিল্পীদের কাছাকাছি আয়োজন সম্পর্কে জানাবে। নতুন শিল্পীর পরামর্শও দেবে।

ইন্টারনেট না থাকলেও গান শনাক্ত করার সুবিধা যুক্ত হয়েছে। পরে সংযোগ ফিরে এলে ফলাফল দেখাবে। পাশাপাশি অ্যালবাম ও প্লেলিস্টের জন্য আরও জীবন্ত ব্যাকগ্রাউন্ড এবং হোম স্ক্রিনে অ্যাম্বিয়েন্ট সংগীত উইজেট যুক্ত হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার

  • ডিসপ্লে সেটিংসে যুক্ত হয়েছে নতুন অ্যাক্সেসিবিলিটি সুবিধা। এতে উজ্জ্বল আলোর প্রভাব কমানো যাবে। অ্যানিমেশন বা নড়াচড়া কমানোর অপশনও রয়েছে। সাবটাইটেল ও ক্যাপশন ব্যবস্থাও উন্নত করা হয়েছে।
  • ফ্যামিলি শেয়ারিংয়ে বড়রা এখন নিজের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আগে সংগঠকের ওপর নির্ভর করতে হতো।
  • রিমাইন্ডার অ্যাপে জরুরি চিহ্ন দেওয়ার সুবিধা এসেছে। দ্রুত তালিকা থেকে জরুরি কাজ আলাদা করে দেখা যাবে।
  • ফ্রিফর্ম অ্যাপে যুক্ত হয়েছে উন্নত ছবি তৈরি ও সম্পাদনার টুল। পাশাপাশি প্রিমিয়াম কনটেন্ট লাইব্রেরিও যুক্ত হয়েছে।

সব মিলিয়ে আইওএস ২৬.৪ হালনাগাদটি ব্যবহারকারীদের জন্য আরও স্মার্ট ও ব্যক্তিগত অভিজ্ঞতা এনে দেবে। বিশেষ করে তরুণদের কাছে নতুন ইমোজি ও সংগীত সুবিধাগুলো বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

সূত্র : ইউএসএ টুডে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন