কনটেন্ট তৈরিতে গতি আনবে অ্যাডোবির নতুন এআই ফিচার
নিজস্ব শিল্পকর্ম বা ডিজাইন ব্যবহার করেই এখন এআই ইমেজ জেনারেটরকে প্রশিক্ষণ দেওয়া যাবে। এমন সুবিধা নিয়ে নতুন কাস্টমাইজেবল বা নিজমতো করে পরিবর্তন করা যায় এমন ফিচার উন্মুক্ত করেছে অ্যাডোবি, যা সৃষ্টিশীল পেশাজীবী ও ব্র্যান্ডগুলোর জন্য কনটেন্ট তৈরির প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।
‘ফায়ারফ্লাই কাস্টম মডেলস’ নামে এই সুবিধাটি বর্তমানে পাবলিক বেটা পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি, ডিজাইন বা ভিজ্যুয়াল উপাদান দিয়ে একটি আলাদা এআই মডেল তৈরি করতে পারবেন। এরপর সেই মডেল ব্যবহার করে একই স্টাইল, চরিত্র বা ভিজ্যুয়াল বৈশিষ্ট্য বজায় রেখে নতুন ছবি তৈরি করা সম্ভব হবে।
নতুন এই টুলটি মূলত তাদের জন্য উপযোগী, যারা নিয়মিত বড় পরিসরে কনটেন্ট তৈরি করেন। প্রতিবার নতুন করে ডিজাইন শুরু না করে একই স্টাইল ধরে রেখে দ্রুত কাজ করার সুযোগ দেবে এটি। রঙ, আলো, ব্রাশ স্ট্রোক বা চরিত্রের বৈশিষ্ট্যের মতো সূক্ষ্ম বিষয়গুলোও সংরক্ষণ করতে সক্ষম এই কাস্টম মডেল।
অ্যাডোবি জানিয়েছে, ব্যবহারকারীদের আপলোড করা কনটেন্ট সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে এবং সেগুলো কোম্পানির সাধারণ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। ফলে সৃজনশীল কাজের স্বত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর অ্যাডোবি ম্যাক্স ইভেন্টে প্রথমবার এই ফিচারটি সীমিত পরিসরে দেখানো হয়েছিল। এবার সেটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হলো। আগে থেকেই অ্যাডোবির ফায়ারফ্লাই এআই মডেল লাইসেন্সপ্রাপ্ত ও পাবলিক ডোমেইনের কনটেন্ট ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে নৈতিকতা বজায় রাখার দাবি করে আসছে প্রতিষ্ঠানটি।
সূত্র : দ্য ভার্জ