এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৩:১৩

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত এমটবের ভার্চ্যুয়াল বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন সম্পন্ন হয়। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত থাকবেন। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী পরিচালক হিসেবে কমিটিতে রয়েছেন। সভা পরিচালনা করেন এমটবের মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার।

সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ।

নতুন দায়িত্ব প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে মোবাইল টেলিযোগাযোগ খাত এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন সময়ে এর্মটবের দায়িত্ব নেওয়া তাঁর জন্য সম্মানের।

তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্পের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে টেলিযোগাযোগ খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। এতে দেশের অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিয়াদ সাতারা আরও বলেন, মানুষের বাড়তে থাকা ডিজিটাল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনকে উৎসাহিত করার পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি সারা দেশে সংযোগব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করা হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন