গুগল সার্চের এআই মোডে যুক্ত হয়েছে ‘ক্যানভাস’ সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১৩:৫৩

গুগল সার্চের এআই মোডে যুক্ত হয়েছে ‘ক্যানভাস’ সুবিধা
ছবি : টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবা দ্রুত বাড়িয়ে চলেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ব্যবহারকারীদের গবেষণা, লেখালেখি ও প্রকল্প পরিকল্পনাকে আরও সহজ করতে এবার সার্চ প্ল্যাটফর্মে নতুন একটি সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ‘ক্যানভাস’ নামের এই ফিচার এখন যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি সার্চের মধ্যেই নথি তৈরি, তথ্য বিশ্লেষণ কিংবা ছোট অ্যাপ তৈরির মতো কাজ করা যাবে।

গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের সার্চের ‘এআই মোড’-এ ক্যানভাস ফিচারের ব্যবহার যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। গত বছর প্রথমে পরীক্ষামূলকভাবে গুগল ল্যাবস কর্মসূচির অংশ হিসেবে এই ফিচার চালু করা হয়েছিল। ব্যবহারকারীদের কাজের পরিকল্পনা করা, প্রকল্প সংগঠিত করা এবং গভীর গবেষণায় সহায়তা করাই এর মূল উদ্দেশ্য।

ক্যানভাস ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগল সার্চের ভেতরেই নথির খসড়া তৈরি করতে পারবেন। একই সঙ্গে নিজের প্রয়োজন অনুযায়ী ছোট সফটওয়্যার টুলও বানানো সম্ভব হবে। উদাহরণ হিসেবে গুগল বলেছে, কেউ চাইলে ক্লাসের নোট ও বিভিন্ন উৎসের তথ্য আপলোড করে একটি পড়াশোনার গাইড তৈরি করতে পারবেন।

এ ছাড়া কোনো গবেষণা প্রতিবেদনকে ক্যানভাসের মাধ্যমে ওয়েব পেজ, কুইজ কিংবা অডিও সারসংক্ষেপে রূপান্তর করা যাবে। এই সুবিধার সঙ্গে গুগলের গবেষণা সহায়ক টুল নোটবুক এলএমের কিছু মিল রয়েছে বলেও জানা গেছে।

ক্যানভাসের আরেকটি আকর্ষণীয় দিক হলো, ব্যবহারকারীরা শুধু একটি ধারণা লিখে দিলে সেটি বিশ্লেষণ করে প্রয়োজনীয় কোড তৈরি করতে পারে। সেই কোড ব্যবহার করে একটি শেয়ারযোগ্য অ্যাপ বা ছোট গেম তৈরি করা সম্ভব। পাশাপাশি সৃজনশীল লেখার খসড়া উন্নত করা বা কোনো প্রকল্পে মতামত নেওয়ার কাজেও এটি ব্যবহার করা যাবে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী জেমিনির ভেতরেও আগে থেকেই ক্যানভাস ফিচার রয়েছে। সেখানে গুগল এআই প্রো এবং গুগল এআই আল্ট্রা গ্রাহকেরা সর্বশেষ মডেল জেমিনি ৩ ব্যবহার করতে পারেন। এই সংস্করণে এক মিলিয়ন টোকেনের বড় কনটেক্সট উইন্ডো রয়েছে, যা বড় ও জটিল প্রকল্পে কাজ করতে সহায়তা করে।

এখন গুগল সার্চের এআই মোডের মাধ্যমে ক্যানভাস চালু হওয়ায় আরও অনেক ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা আগে জেমিনির সুবিধা ব্যবহার করেননি, তারাও এখন সার্চের মাধ্যমেই ক্যানভাসের অভিজ্ঞতা নিতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় গুগলের বড় শক্তি হলো তাদের সার্চ প্ল্যাটফর্মের বিপুল ব্যবহারকারী। গুগল সার্চের মাধ্যমে প্রতিষ্ঠানটি খুব দ্রুত কোটি কোটি মানুষের কাছে নতুন এআই সুবিধা পৌঁছে দিতে পারে।

ক্যানভাস ব্যবহার করতে হলে এআই মোডে থাকা অবস্থায় টুল মেনু থেকে নতুন ক্যানভাস অপশন নির্বাচন করতে হবে। এরপর ব্যবহারকারী কী তৈরি করতে চান তা লিখলে পাশে একটি ক্যানভাস প্যানেল খুলবে। সেখানে ওয়েবের তথ্য ও গুগলের জ্ঞানভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে কাজ করা যাবে। যদি কোনো অ্যাপ বা প্রোটোটাইপ তৈরি করা হয়, তাহলে ব্যবহারকারীরা সেটির কার্যকারিতা পরীক্ষা করতে পারবেন। চাইলে মূল কোডও দেখা যাবে এবং জেমিনির সঙ্গে আলাপ করে অ্যাপের কাজ আরও উন্নত করা সম্ভব হবে।

এই ফিচারটি বাজারে থাকা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সঙ্গেও প্রতিযোগিতায় রয়েছে। ওপেনএআইয়ের চ্যাটজিটিপি এবং এনথ্রোপিকের ক্লড প্ল্যাটফর্মেও একই ধরনের টুল রয়েছে। তবে পার্থক্য হলো, চ্যাটজিটিপির ক্যানভাস ফিচার ব্যবহারকারীর প্রশ্নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে। অন্যদিকে গুগল ও এনথ্রোপিকের টুল ব্যবহারের জন্য ব্যবহারকারীদের সরাসরি নির্দেশ দিতে হয়। উভয় ক্ষেত্রেই লেখালেখি উন্নত করা বা নতুন প্রকল্প তৈরিতে সহায়তা পাওয়া যায়।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন