হার্ড ড্রাইভ টিকিয়ে রাখার সহজ কৌশল
কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের কাছে হার্ড ড্রাইভ এক গুরুত্বপূর্ণ অংশ। যত্নে ব্যবহার করলে এটি বহু বছর ভালোভাবে কাজ করতে পারে। তবে সামান্য অবহেলা বা অনিয়মিত ব্যবহার এর আয়ু কমিয়ে দিতে পারে। উৎপাদন মান, ব্যবহারের ধরণ, অতিরিক্ত তাপ, আর্দ্রতা কিংবা হঠাৎ বিদ্যুতের ওঠানামা করলে এর স্থায়িত্বে প্রভাব ফেলে। তবে কিছু নিয়ম মেনে চললে হার্ড ড্রাইভ দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা সম্ভব।
আঘাতজনিত ক্ষতি
হার্ড ড্রাইভের সবচেয়ে বড় ঝুঁকি হলো পড়ে যাওয়া বা ধাক্কা খাওয়া। এমন দুর্ঘটনায় রিড/রাইট হেড ঘূর্ণায়মান প্লাটারে আঘাত করতে পারে এবং স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে। তাই ল্যাপটপ ও এক্সটারনাল হার্ড ড্রাইভ সতর্কভাবে ব্যবহার করা জরুরি। অনলাইনে কিনলে নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস ব্যবহার করাও ভালো। স্ট্যাটিক বিদ্যুতের প্রভাব থেকেও হার্ড ড্রাইভকে রক্ষা করা জরুরি। এ জন্য অ্যান্টি-স্ট্যাটিক রিস্টব্যান্ড বা ম্যাট ব্যবহার করা উচিত। ব্যবহার না করা ড্রাইভ অবশ্যই অ্যান্টি-স্ট্যাটিক ব্যাগে সংরক্ষণ করতে হবে।
সেফলি ইজেক্ট করার অভ্যাস
এক্সটারনাল হার্ড ড্রাইভ খুলতে গেলে সবসময় উইন্ডোজ থেকে সেফলি ইজেক্ট করতে হবে। এতে ডেটা হারানোর ঝুঁকি কমে এবং রিড/রাইট হেড সঠিকভাবে পার্ক হয়। হঠাৎ খুলে ফেললে ভোল্টেজ ওঠানামা হতে পারে, যা ড্রাইভের ক্ষতি ডেকে আনে।
মানসম্মত পাওয়ার সাপ্লাই ব্যবহার করুন
হার্ড ড্রাইভের আয়ু বাড়াতে ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। নামী ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ওঠানামা, শর্ট সার্কিট বা ওভারভোল্টেজ থেকে সুরক্ষা দেয়। এসব পাওয়ার সাপ্লাই টেকসই উপকরণে তৈরি হয় এবং কঠোর পরীক্ষার মাধ্যমে বাজারে আসে।
অতিরিক্ত গরম হওয়া
হার্ড ড্রাইভ ৫৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই কম্পিউটার ভেন্টিলেশন ভালো রাখা, নিয়মিত ধুলো পরিষ্কার করা এবং অতিরিক্ত যন্ত্রাংশ বসিয়ে সিস্টেম গরম না করা জরুরি। প্রয়োজনে কুলিং সিস্টেম উন্নত করতে হবে।
আর্দ্রতা ও তাপমাত্রার প্রভাব
আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রা হার্ড ড্রাইভের জন্য ক্ষতিকর। আদর্শ আর্দ্রতার মাত্রা ৪০ থেকে ৫০ শতাংশ। আর্দ্র অঞ্চলে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে অথবা কম্পিউটার কেসে সিলিকা জেল রাখা যেতে পারে। এক্সটারনাল হার্ড ড্রাইভ সংরক্ষণে সিল করা ও আবহাওয়াবান্ধব কেস ব্যবহার করাই উত্তম।
সার্জ প্রোটেক্টর ব্যবহার করুন
বিদ্যুতের ঝাঁকুনি থেকে বাঁচতে নির্ভরযোগ্য সার্জ প্রোটেক্টর ব্যবহার করা জরুরি। সকেটে আলাদা সার্জ প্রোটেক্টর ব্যবহার করা ভালো, যেখানে উচ্চ জুল রেটিং, দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা, ইন্ডিকেটর লাইট ও রিসেটেবল সার্কিট ব্রেকার থাকবে। নিয়মিত ইন্ডিকেটর পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে প্রোটেক্টরটি কাজ করছে।
সতর্ক ব্যবহার, সঠিক পরিবেশ ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা মানলে হার্ড ড্রাইভ দীর্ঘদিন ভালোভাবে চলবে। সামান্য যত্নই আপনার ডেটাকে নিরাপদ রাখবে এবং হার্ড ড্রাইভের আয়ু বাড়িয়ে দেবে।
সূত্র: পিসি ওয়ার্ল্ড