যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

যে কাজ করলে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন
ছবি : সংগৃহীত

ফেসবুকে আয় বা মনিটাইজেশন সুবিধা হারাতে চাইছেন না? তাহলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। মেটা সম্প্রতি ঘোষণা করেছে, স্প্যামি কনটেন্ট বা অপ্রাসঙ্গিক পোস্টের মাধ্যমে আর আয় করা যাবে না। এর মধ্যে রয়েছে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার, ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লেখা, একই পোস্ট অনেক ভুয়া অ্যাকাউন্টে শেয়ার করা বা সাজানো ও মিথ্যা মন্তব্য করা।

মেটা জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টের মনিটাইজেশন সুবিধা বন্ধ করা হবে। গুরুতর ক্ষেত্রে পোস্ট এবং অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। এ পদক্ষেপের মাধ্যমে তারা ফেসবুকে আসল এবং মানসম্পন্ন কনটেন্টকে আরও বেশি গুরুত্ব দিতে চাচ্ছে।

নতুন ফিচার ও মডারেশন টুল

মেটা পরীক্ষামূলকভাবে এমন একটি ফিচার চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি রিপোর্ট করতে পারবেন কোন মন্তব্য অপ্রয়োজনীয় বা স্প্যাম মনে হচ্ছে। পাশাপাশি পেইজ মালিকদের জন্য নতুন মডারেশন টুল এসেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো লুকিয়ে দেবে।

মেটা বলছে, স্প্যামি কনটেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। নতুন পদক্ষেপের মাধ্যমে তারা চাইছে, কেবল আসল ও মানসম্পন্ন কনটেন্টই ফেসবুকে বেশি স্থান পাবে এবং ব্যবহারকারীরা সঠিকভাবে আয় উপার্জন করতে পারবে।