ফটোশপে যুক্ত হলো গুগলের ন্যানো বানানা এআই
গুগলের আলোচিত এআই মডেল ন্যানো বানানা এখন জায়গা করে নিয়েছে অ্যাডোবি ফটোশপে। যারা ফটোশপের বেটা সংস্করণ ব্যবহার করছেন তারা সরাসরি জেনারেটিভ ফিল ফিচার থেকে এই জনপ্রিয় মডেল ব্যবহার করতে পারবেন। ছবিকে থ্রিডি ফিগারিনে রূপ দেওয়ার জন্য পরিচিত ন্যানো বানানা এবার কাজ করবে অ্যাডোবির নিজস্ব ফায়ারফ্লাই মডেলের পাশাপাশি। ফলে ফটোশপে ছবি সম্পাদনার অভিজ্ঞতা হবে আরও বৈচিত্র্যময়।
যুক্ত হলো নতুন মডেল
ন্যানো বানানার সঙ্গে এবার যুক্ত হয়েছে FLUX.1 কনটেক্সট প্রো, যা তৈরি করেছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট ল্যাবস। এই ল্যাবের তৈরি ইমেজ মডেল ব্যবহার হয় এক্স প্ল্যাটফর্মের গ্রক অ্যাপে। ফলে ব্যবহারকারীরা এখন ফটোশপেই একাধিক মডেলের সুবিধা একসঙ্গে নিতে পারবেন।
অ্যাডোবির কৌশলের পরিবর্তন
এবারের সংযোজনকে অ্যাডোবির এআই কৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এত দিন তারা নিজেদের তৈরি ফায়ারফ্লাইয়ের ওপর নির্ভর করত। এখন ব্যবহারকারীরা চাইলে ন্যানো বানানা দিয়ে স্বপ্নময় ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন, এফএলইউএক্স দিয়ে ছবিতে বাস্তবসম্মত আলো-ছায়া বসাতে পারবেন আর ফায়ারফ্লাই দিয়ে ছবিকে নিখুঁতভাবে সাজাতে পারবেন। অ্যাডোবির লক্ষ্য হলো ফটোশপকে এমন এক কেন্দ্রে পরিণত করা যেখানে একাধিক এআই মডেল কাজ করবে এবং ব্যবহারকারীরা নিজেদের সৃজনশীলতার জন্য যেকোনোটি বেছে নিতে পারবেন।
মান ও নিরাপত্তা
অ্যাডোবি এখনো বাণিজ্যিক ব্যবহারের জন্য ফায়ারফ্লাইকেই বেশি নিরাপদ বলছে। কারণ এটি এমন ডেটাবেস থেকে প্রশিক্ষিত যা ব্যবহার করার অনুমতি অ্যাডোবির রয়েছে। ফায়ারফ্লাই মান ও ধারাবাহিকতার ক্ষেত্রেও এগিয়ে। তবে ন্যানো বানানা পরিচিত স্টাইলিশ ভিজ্যুয়াল ও টেক্সটভিত্তিক ইমেজ তৈরির জন্য। আর ব্ল্যাক ফরেস্ট ল্যাবসের FLUX সবচেয়ে উপযোগী বাস্তবসম্মত ও সুসংগত ছবি বানাতে।
ব্যবহারকারীর জন্য সুবিধা
এখন যেহেতু একই প্রম্পট উইন্ডোর ভেতর মডেল বদলানো সম্ভব, ব্যবহারকারীরা সহজেই তাদের শক্তি মিলিয়ে পরীক্ষা করতে পারবেন। যেমন, কল্পকাহিনির জন্য কোনো ইলাস্ট্রেশন বানাতে চাইলে ন্যানো বানানা যোগ করবে জাদুময় প্রভাব, FLUX তৈরি করবে গুহার বাস্তবসম্মত আলোছায়া, আর ফায়ারফ্লাই দেবে চূড়ান্ত পরিশোধন।
অ্যাডোবি তৃতীয় পক্ষের এআই মডেলের জন্য ফটোশপ উন্মুক্ত করায় পেশাদার থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীরাও উপকৃত হবেন। একজন কনটেন্ট ডিজাইনার কয়েক সেকেন্ডেই স্টাইলাইজড ব্যাকগ্রাউন্ড বানাতে পারবেন, কোনো উদ্ভাবক চাইলে পণ্যের ছবি থেকে শুরু করে পুরো মার্কেটিং ক্যাম্পেইনের ভিজ্যুয়াল তৈরি করতে পারবেন, এমনকি যারা মজার কার্ড বা মিম বানান তারাও অনেক দ্রুত কাজ শেষ করতে পারবেন।
যেভাবে পাওয়া যাবে
তবে এর জন্য আগে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে ফটোশপের বেটা সংস্করণে যোগ দিতে হবে। অ্যাডোবি জানিয়েছে, তারা পিছনের সিস্টেম আরও উন্নত করছে এবং প্রতিটি মডেলের আউটপুট নিয়ন্ত্রণের জন্য শিগগির নতুন ফিচার যোগ করা হবে।
সূত্র : টেক রাডার